উয়েফা সুপার কাপ জিতলো বায়ার্ন

সেভিয়াকে হারিয়ে উয়েফা সুপার কাপ জিতলো বায়ার্ন মিউনিখ।
বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় বৃহস্পতিবার ২-১ গোলে জিতে শিরোপা উৎসব করে হান্স ফ্লিকের দল। প্রতিযোগিতায় জার্মান ক্লাবটির এটি দ্বিতীয় শিরোপা।
ম্যাচের ১৩তম মিনিটে আর্জেন্টাইন মিডফিল্ডার লুকাস ওকাম্পোসের সফল স্পট-কিকে এগিয়ে যায় সেভিয়া। ইভান রাকিতিচকে ডি-বক্সে বায়ার্ন ডিফেন্ডার দাভিদ আলাবা ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।
৩৪তম মিনিটে বায়ার্নকে ম্যাচে ফেরান লেয়ন গোরেটস্কা। সতীর্থের ক্রস ডি-বক্সের ভেতর পেয়ে ভলিতে তার সামনে বাড়ান লেভানদোভস্কি। ডান পায়ের শটে বল জালে পাঠান জার্মান মিডফিল্ডার গোরেটস্কা।
বিরতির পর নির্ধারিত সময়ের শেষ ১০ মিনিটে অতি আক্রমণাত্মক হতে গিয়ে বিপদে পড়তে বসেছিল বায়ার্ন। ৮৮তম মিনিটে দারুণ এক পাল্টা আক্রমণে গোলরক্ষককে একা পেয়েছিলেন ইউসেফ এন-নেসাইরি; কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। তার নিচু শট ঝাঁপিয়ে ঠেকান মানুয়েল নয়ার।
৩০ মিনিটের অতিরিক্ত সময়ের চতুর্দশ মিনিটে জয়সূচক গোলটি করেন মার্তিনেস। আলাবার শট গোলরক্ষক ফেরালে ফিরতি বল হেডে জালে পাঠান তিন মিনিট আগে বদলি নামা এই স্প্যানিশ মিডফিল্ডার।



