এমপিওভুক্তিতে ঘুষ-দুর্নীতি সহ্য করা হবে না: দুদক চেয়ারম্যান

নতুন এমপিওভুক্ত হতে যাওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তিতে কোনও প্রকার ঘুষ-দুর্নীতি বা হয়রানি সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
মঙ্গলবার (৫ মে) দুদকের গোয়েন্দা অনু বিভাগ, সমন্বিত জেলা কার্যালয় (সজেকা) এবং বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে বিশেষ সভায় তিনি এ হুঁশিয়ারির কথা জানান ।
ইকবাল মাহমুদ সংস্থাটির কর্মকর্তাদের তাৎক্ষণিক এক বার্তায় নির্দেশনা দিয়ে বলেন, শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তিকরণে সজেকার কর্মকর্তারা ও বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তারা নিবিড় নজরদারি করবেন। কোনো অবস্থাতেই অযোগ্য শিক্ষক যেন ঘুষ দিয়ে এমপিওভুক্ত হতে না পারেন। আবার কোনো যোগ্য শিক্ষক-কর্মচারীর কাছ থেকে সংশ্লিষ্ট অফিসের কোনো কর্মকর্তা-কর্মচারী যাচাই-বাছাইয়ের নামে ঘুষ নেয়ার সুযোগও যেন না পায়।
দুদক চেয়ারম্যান আরও বলেন, দুর্নীতি দমন আইনের প্রয়োগ নিশ্চিত করতে হবে। সবাইকে মনে রাখতে হবে, ঘুষ নেয়া যেমন ফৌজদারি অপরাধ, তেমনই ঘুষ দেয়াও একই জাতীয় অর্থাৎ সমান অপরাধ। যারাই এ অপরাধে সম্পৃক্ত হবেন তাদের আইনের মুখোমুখি হতেই হবে।
এদিকে, দুদকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোমধ্যে দেশের নতুন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তির কার্যক্রম শুরু হয়েছে। দুদকের কাছে অভিযোগ রয়েছে, কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষার নামে কোনও কোনও উপজেলা শিক্ষা অফিস, জেলা শিক্ষা অফিস ও আঞ্চলিক শিক্ষা অফিসের কতিপয় অসাধু কর্মকর্তা-কর্মচারী অনৈতিক অর্থ দাবি করছেন। দুদকের গোয়েন্দা অনু বিভাগ কমিশনকে এসব তথ্য জানিয়েছে।
গত ২৯ এপ্রিল সরকার, দেশের ননএমপিও আরও ১ হাজার ৬৩৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত (মান্থলি পেমেন্ট অর্ডার) করার ঘোষণা দেয়।



