উত্তপ্ত ইসরায়েল : প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করলেন নেতানিয়াহু

বিচার ব্যবস্থার পরিবর্তনের বিতর্কিত পরিকল্পনা বন্ধ করার আহ্বান জানানোয়, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে বরখাস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
এ ঘটনার প্রতিবাদে নেতানিয়াহুর বিরুদ্ধে বিশাল বিক্ষোভ মিছিল হয়েছে ইহুদিবাদী দেশটিতে। খবর: আলজাজিরার।
রোববার রাতে রাজধানী তেলআবিবে বিক্ষোভকারীরা ইসরাইলের পতাকা হাতে রাস্তায় নেমে আসে। এ সময় তারা হাইওয়েসহ তেলআবিবের সব রাস্তা বন্ধ করে দেন।
টানা ১২ সপ্তাহ ধরে নেতানিয়াহুর নতুন সরকারের বিচার বিভাগীয় সংস্কার পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভ করেন তারা। এই পরিস্থিতিতে নেতানিয়াহুকে বিচার ব্যবস্থার পরিবর্তনের বিতর্কিত পরিকল্পনা বন্ধ করার আহ্বান জানিয়েছিলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট।
বিতর্কিত ওই পরিবর্তন নিয়ে সরব হয়ে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেছিলেন, এই সংকট সামাজিক বিপর্যয়ের কারণ হচ্ছে এবং সেটি ইসরায়েলের নিরাপত্তার ক্ষতি করতে পারে।
সমালোচকরা বলছেন, ইসরায়েলি সরকারের এই পরিকল্পনা বিচারিক স্বাধীনতার জন্য হুমকি।
তবে নেতানিয়াহুর সরকার বলছে, তাদের পরিকল্পিত এই পরিবর্তনই ভোটারদের জন্য ভালো ফল বয়ে আনবে।
সংবাদমাধ্যম বলছে, ইসরায়েলের বিচার ব্যবস্থাকে সংশোধন এবং সুপ্রিম কোর্টকে দুর্বল করার একটি পরিকল্পনা সম্প্রতি উন্মোচন করেছে ইসরায়েলের নতুন সরকার। এসব সংস্কার বাস্তবায়ন হলে ইসরায়েলের পার্লামেন্টের পক্ষে সুপ্রিম কোর্টের রায়গুলোকে বাতিল করা সহজ হবে।



