ঈদের আগে নতুন ঘর পাচ্ছে দেড় লাখ মানুষ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া জানিয়েছেন, প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় দেড় লাখ মানুষ ঈদের আগে নতুন ঘর পাবে।
রোববার ২৪ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
এ সময় তোফাজ্জল হোসেন মিয়া বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় সবসময় স্বচ্ছতার সঙ্গে এ প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্প ব্যয়ে তৃতীয় ধাপে প্রতিটি ঘরে ব্যয় হচ্ছে ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা। ভ্যাট-ট্যাক্স ধরা হলে এ ব্যয় দাঁড়ায় ৩ লাখ ৩০ হাজার টাকা।
তিনি বলেন, এখন যে ঘরগুলো আমরা নির্মাণ করছি সেগুলো অনেক টেকসই। আমাকে অনেক ইঞ্জিনিয়ার বলেছেন চাইলে এর ওপর দোতালাও করা যাবে। ফাউন্ডেশন, আরসিসি পিলার, গ্রেড বিম সবকিছু যুক্ত করা হয়েছে।
আগামী মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে দেশের চারটি উপজেলায় ভার্চুয়ালি যুক্ত হয়ে গৃহহীন মানুষের হাতে উপহারের এসব ঘর হস্তান্তর করবেন বলে জানান তিনি।
তিনি বলেন, এই পর্যায়ে দেড় লাখেরও বেশি মানুষ ঈদের আগে উপহারের ঘরে উঠবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওইদিন ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের পোড়াদিয়া বালিয়া আশ্রয়ণ প্রকল্প, বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের খাজুরতলা আশ্রয়ণ প্রকল্প, সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের খোকশাবাড়ী আশ্রয়ণ প্রকল্প এবং চট্টগ্রামের আনোয়ারার বারখাইন ইউনিয়নের হাজিগাঁও আশ্রয়ণ প্রকল্পে সরাসরি গণভবন থেকে যুক্ত হবেন।
তিনি জানান, ২০২১-২২ অর্থবছরে একক ঘর নির্মাণের জন্য ৩ হাজার ৯৭২ কোটি ৭ লাখ ৫ হাজার ১ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
এজন্য সারাদেশে ৫ হাজার ৫১২ দশমিক ৪ একর খাস জমি উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য ২ হাজার ৯৬৭ কোটি ৯ লাখ টাকা। এছাড়াও সরকার ১৬৮ দশমিক ৩২ একর জমি কিনেছে। যার বাজার মূল্য ১১৫ কোটি ৩৩ লাখ টাকা।



