জবাবদিহিতা নিশ্চিত না হলে র্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সুযোগ নেই

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, র্যাবের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের যে অভিযোগ রয়েছে সুনির্দিষ্ট পদক্ষেপ ও জবাবদিহিতা ছাড়া তা প্রত্যাহারের কোনো সুযোগ নেই।
রোববার (২৪ এপ্রিল) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে (বিআইআইএসএস) আয়োজিত ‘বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্ক: বর্ধিত সহযোগিতা ও অগ্রসর অংশীদারিত্ব’ শীর্ষক সেমিনারে এ কথা জানান তিনি।
পিটার হাস বলেন, সন্ত্রাসবাদ মোকাবিলায় বর্তমানের মতো র্যাবকে কার্যকর দেখতে চায় যুক্তরাষ্ট্র। তবে বাহিনীটিকে মৌলিক মানবাধিকারও মেনে চলতে হবে।
তিনি বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে জোরালো নিরাপত্তা সহযোগিতা বজায় রয়েছে। এ সহযোগিতা বৃদ্ধিতে র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কোনো বাধা হবে না।
আন্তর্জাতিক অপরাধ ও সন্ত্রাসবাদ দমন, সীমান্ত নিরাপত্তা বৃদ্ধি এবং সহিংস চরমপন্থা প্রতিরোধে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কাজ করে যাবে বলেও জানান পিটার হাস।
এসময় বাংলাদেশের আগামী নির্বাচন নিয়েও কথা বলেন পিটার হাস। বলেন, বাংলাদেশের আগামী নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না জানিয়ে তিনি বলেন, আমি স্পষ্ট করতে চাই যে, আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ বেছে নেবে না। আমরা শুধু এমন একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রত্যাশা করি, যার মাধ্যমে বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিতে পারবে, কে দেশ চালাবে।



