বিশ্ব

ইউক্রেনের দুই শহরে যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

বেসামরিক মানুষজনকে নিরাপদে সরে যেতে দেয়ার জন্য ইউক্রেনের দুই শহরে খণ্ডকালীন যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। খবর: সংবাদ সংস্থা এএফপি-র ।

জানা গেছে, মারিওপোল ও ভলনোভাখা শহরে মস্কোর স্থানীয় সময় সকাল ১০টা (বাংলাদেশ সময় দুপুর একটা) থেকে এ বিরতি কার্যকর হবে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে গণমাধ্যমে বলা হয়েছে, বেসামরিক মানুষজনকে নিরাপদে সরে যেতে দেয়ার জন্য এ সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে।

চলতি সপ্তাহে বেলারুশে দ্বিতীয় দফার শান্তি বৈঠকের পরে রাজধানী কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহরের বেসামরিক বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার সুযোগ দিতে ঐকমত্য হয়েছিল দুই দেশ। তারই ভিত্তিতে রাশিয়া এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে।

শহর অবরুদ্ধ করে রাখার প্রেক্ষাপটে এর আগে মারিওপোলের মেয়র ভিডিয়াম বোইচেঙ্কো একটি ‘হিউম্যানিটারিয়ান করিডোর’ ঘোষণা করার জন্য আহ্বান জানিয়েছিলেন। রাশিয়ার সেনাদের হামলাকে তিনি ‘নিষ্ঠুর’ বলে বর্ণনা করেছিলেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে।

Related Articles

Leave a Reply

Back to top button