আসিফের বিরুদ্ধে আইসিটি মামলা হাইকোর্টে স্থগিত

কণ্ঠশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) আইনের মামলায় আদালতের আদেশের বিরুদ্ধে করা আপিল আবেদন গ্রহণ করেছেন হাইকোর্ট। সঙ্গে এ মামলার কার্যক্রম স্থগিতও করেছেন আদালত।
সোমবার (১১ এপ্রিল) বিচারপতি আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল সামিরা তারান্নুম রাবেয়া মিতি আদেশের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সামিরা তারান্নুম রাবেয়া মিতি ছিলেন। তার সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল কাজী শামসুন্নাহার ও আনজুম আরা বেগম। অন্যদিকে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মঈন ফিরোজী।
গীতিকার ও সুরকার শফিক তুহিনের করা মামলায় গত ১৩ জানুয়ারি কণ্ঠশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার আদালত। সম্প্রতি ওই অভিযোগ গঠনের আদেশ এবং মামলার কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন করেন আসিফ আকবর। সোমবার ওই আবেদনের শুনানি নিয়ে আদেশ দেন হাইকোর্ট।



