ইকোবিজ

৬ মাসে সাদা হয়েছে ১০ হাজার কোটি কালো টাকা

গত বছরের পহেলা জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রায় ১০ হাজার ২২০ কোটি কালো টাকা সাদা হয়েছে।

সোমবার (৪ জানুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ৩১ ডিসেম্বর পর্যন্ত সাত হাজার ৬৫০ ব্যক্তি ঘোষণা দিয়ে অপ্রদর্শিত আয়ের কালো টাকা সাদা করেছেন।

এনবিআরের তথ্যমতে, গত ২৯ নভেম্বর পর্যন্ত যেখানে মাত্র সাড়ে ৩ হাজার ব্যক্তি কালো টাকা সাদা করেছিলেন, সেখানে ৩১ ডিসেম্বর পর্যন্ত সাত হাজার ৬৫০ জন অপ্রদর্শিত আয়ের ঘোষণা দিয়েছেন বা কালো টাকা সাদা করেছেন। এতে ৬ মাসে প্রায় ১০ হাজার ২২০ কোটি টাকা সাদা হয়েছে। এর মধ্যে শুধু ডিসেম্বরেই সাদা হয়েছে ৬ হাজার কোটি টাকার বেশি।

নগদ অর্থ, ব্যাংকে গচ্ছিত অর্থ, ফ্ল্যাট ও জমি কিনে কালো টাকা সাদা করেছেন সাত হাজার ৪৪৫ জন। সরকার এই খাত থেকে কর পেয়েছে ৯৩৯ কোটি ৭৬ লাখ টাকা। আর শেয়ার বাজারে বিনিয়োগের মাধ্যমে কালো টাকা সাদা করেছেন ২০৫ জন। তাদের কাছ থেকে সরকার কর পেয়েছে ২২ কোটি ৮৪ লাখ টাকা।

উল্লেখ্য, ২০২০-২১ বাজেট বলা হয়েছে, দেশের প্রচলিত আইনে যা-ই থাকুক না কেন, ব্যক্তি শ্রেণির করদাতাদের চলতি অর্থবছরে আয়কর রিটার্নে অপ্রদর্শিত জমি, বিল্ডিং, ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্টের প্রতি বর্গমিটারের ওপর নির্দিষ্ট হারে এবং নগদ অর্থ, ব্যাংকে গচ্ছিত অর্থ, সঞ্চয়পত্র, শেয়ার, বন্ড বা যেকোনও সিকিউরিটিজের ওপর ১০ শতাংশ কর দিয়ে আয়কর রিটার্নে প্রদর্শন করলে কর্তৃপক্ষসহ কেউ প্রশ্ন করতে পারবে না।

Related Articles

Leave a Reply

Back to top button