আবারও কিট পরীক্ষার সুযোগ পেল গণস্বাস্থ্য, এবার করবে আইসিডিডিআরবি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ব্যর্থতার পর আবারও নিজেদের উদ্ভাবিত করোনা ভাইরাসের অ্যান্টিবডি কিটের কার্যকরিতা পরীক্ষার সুযোগ পেল গণস্বাস্থ্য কেন্দ্র।
এবার কিটের কার্যকরিতা পরীক্ষা করবে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি)। এজন্য গণস্বাস্থ্য কেন্দ্রকে আবারো বিদ্যমান সরকারি নিয়ম অনুসরণ করে অগ্রসর হওয়ার পরামর্শ দিয়েছে জাতীয় ঔষুধ প্রশাসন অধিদফতর।
রবিবার (৫ জুলাই) বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন গণস্বাস্থ্যের কিট প্রকল্পের প্রধান সমন্বয়ক ডা. মুহিব উল্লাহ খোন্দকার।
তিনি বলেন, অ্যান্টিবডির বিষয়ে আমাদের ইন্টারনাল ভেলিডেশান রিপোর্টকে আমলে এনে নিবন্ধনের অনুরোধ করেছিলাম। অধিদফর বিদ্যমান সরকারি নিয়মে আবার সিআরও এর মাধ্যমে ইউএস এফডিএ আমব্রেলা গাইডলাইনস এক্সটারনাল ভেলিডেশান করতে বলেছে।
ডা. মুহিব উল্লাহ বলেন, এ জন্য আমাদের আবেদনকৃত রি-এজেন্টের জন্য NOC দিয়ে দেবে। অ্যান্টিজেনের নীতিমালা আগামী বুধবার ফাইনাল হবে। একটা ফরমেট পাঠাবে। ওইটা অনুযায়ী প্রটোকল আপডেট করে জমা দিতে বলেছে।
কিটের উদ্ভাবক বিজ্ঞানী-গবেষক ড. বিজন কুমার শীল গণমাধ্যমকে বলেন, ‘ঔষধ প্রশাসনের মহাপরিচালক আমাদের কথা ইতিবাচকভাবে শুনেছেন এবং সর্বাত্মক সহায়তা করতে চেয়েছেন। অ্যান্টিবডি কিট আরেকবার পরীক্ষা করতে বলা হয়েছে। কিন্তু সেই পরীক্ষা করার সক্ষমতা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নেই। এটি করতে পারবে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি)। আগামী দুএক দিনের মধ্যেই আমরা আইসিডিডিআর,বিতে যাব।’
তিনি বলেন, ‘আমব্রেলা গাইডলাইন অনুসরণ করে কিট পরীক্ষা করতে খুব কম সময় লাগবে। ১০০ থেকে ১৫০টি কিটের কার্যকারিতা পরীক্ষা করলেই ফলাফল পাওয়া যাবে। ৫০টি পজিটিভ স্যাম্পল ও ১০০টি নেগেটিভ স্যাম্পল পরীক্ষা করলেই হবে। এতে সর্বোচ্চ সাত দিন সময় লাগতে পারে এবং অন্যান্য সব প্রক্রিয়া সম্পন্ন হতে সর্বোচ্চ ১৫ দিন সময় লাগবে।’
এর আগে গণস্বাস্থ্য কেন্দ্রের বিজ্ঞানীদের উদ্ভাবিত করোনাভাইরাস শনাক্তকরণ কিটের অনুমোদন দেয়নি জাতীয় ঔষধ প্রশাসন অধিদফতর। গত ২৫ জুন বিকেলে এক ই-মেইলে ঔষধ প্রশাসন অধিদফতর অ্যান্টিবডি টেস্ট কিটের অনুমোদন না দেওয়ার বিষয়টি গণস্বাস্থ্য কেন্দ্রকে জানায়। গণস্বাস্থ্য কেন্দ্রের কিটের কার্যকারিতা পরীক্ষা শেষে বিএসএমএমইউ ১৬ জুন তাদের প্রতিবেদন জমা দেয় ঔষধ প্রশাসন অধিদফতরে।



