আজ নাইকো মামলায় খালেদা জিয়ার চার্জ শুনানি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কানাডিয়ান বহুজাতিক তেল-গ্যাস কোম্পানি নাইকো মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য আজ (৫ জানুয়ারি) দিন ধার্য রয়েছে।
গত ২৪ নভেম্বর বহুল আলোচিত এ মামলায় অভিযোগ গঠন শুনানির দিন ধার্য থাকলেও বেগম জিয়া অসুস্থ থাকায় আদালতে উপস্থিত হতে পারেননি। ওইদিন তাঁর আইনজীবী জিয়া উদ্দিন জিয়া অভিযোগ গঠন শুনানির জন্য সময় আবেদন করলে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের নবনির্মিত ২ নম্বর ভবনে স্থাপিত অস্থায়ী ৯ নম্বর বিশেষ জজ শেখ হাফিজুর রহমানের আদালত তা মঞ্জুর করে চার্জ শুনানির জন্য ৫ জানুয়ারি দিন ধার্য করেন।
বেগম জিয়ার শারীরিক অসুস্থতার কারণে এর আগেও একাধিকবার এ মামলার অভিযোগ গঠনের শুনানির তারিখ পেছানো হয়েছে।
উল্লেখ্য, ২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে খালেদা জিয়াসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম নাইকো দুর্নীতি মামলাটি করেন।



