আগামী বাজেট হবে গণমুখী: অর্থমন্ত্রী

আসন্ন ২০২১-২২ অর্থবছরের বাজেটটি অত্যন্ত গণমুখী হবে বলে জানিয়েছেন, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বলেন, কাউকে কষ্ট না দিয়ে কীভাবে রাজস্ব আয় বাড়ানো যায়, সেই প্রচেষ্টা থাকবে আগামী বাজেটে।
মঙ্গলবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে জাতীয় বাজেট ২০২২-২৩ বিষয়ে আয়োজিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পরামর্শক কমিটির ৪২তম সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এনবিআর ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এ সভার আয়োজন করে।
সভায় এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম সভাপতিত্ব করেন। এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ বাজেট প্রস্তাবনা তুলে ধরেন।
ব্যবসায়ীদের কর সংক্রান্ত প্রস্তাবনা সুবিবেচনা করা হবে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘আগামী বাজেটের জন্য ব্যবসায়ীরা যেসব মতামত দিয়েছেন, বিশেষ করে কর সংক্রান্ত মতামতগুলো অত্যন্ত ইতিবাচকভাবে দেখা হবে। তবে সরকারের দৃষ্টিভঙ্গি হলো, উইন-উইন অবস্থ। আপনারা ব্যবসায়ীরা হারবেন না। এমন কর ব্যবস্থা নেওয়া হবে, যাতে আপনারাও জিতবেন, সরকারও জিতবে।’
ব্যবসায়ীদের কর প্রদানের আহ্বান জানিয়ে মুস্তফা কামাল বলেন, ‘আপনাদেরকে কর দিতে হবে, আপনারা যদি কর না দেন, তাহলে পদ্মা সেতু বা বড় বড় প্রকল্প বাস্তবায়ন করা যাবে না। আপনাদেরকে দেশ ও নিজের স্বার্থে কর দিতে হবে।’
তিনি আরও বলেন, সারাদেশে এখন উন্নয়ন প্রকল্প হচ্ছে। দেশ শতভাগ বিদ্যুতায়িত হয়েছে। দেশের এই উন্নয়ন ও সাফল্য অর্জিত হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব ও দেশবাসীর সহযোগিতার কারনে।
অর্থমন্ত্রী জানান, গত ১৩ বছরে দেশে রাজস্ব আয় বেড়েছে ৮ গুণ। সর্বশেষ ২০২০-২১ অর্থবছরে এনবিআরে রাজস্ব আয় দাঁড়িয়েছে ২ লাখ ৫৯ হাজার কোটি টাকা। আর এক যুগের ব্যবধানে কর-জিডিপির অনুপাত ৯ দশমিক ১ শতাংশ থেকে বেড়ে ১০ দশমিক ৩ শতাংশ হয়েছে।
গত ১৩ বছরে দেশের রাজস্ব আহরণ আটগুণ বৃদ্ধি পেয়েছে জানিয়ে মুস্তফা কামাল বলেন, ‘এর পেছনে অবশ্যই ব্যবসায়ীদের অবদান রয়েছে। আমাদের উন্নয়ন ধরে রাখতে হলে আরও রাজস্ব দরকার। ব্যবসায়ীদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব নয়।’



