আইসিসির বর্ষসেরার মনোনয়ন পেলেন সাকিব

বাংলাদেশ দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, ওয়ানডে ফরম্যাটে ২০২১ সালের সেরা ক্রিকেটার পুরস্কারে মনোনীত হয়েছেন ।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে আনুষ্ঠানিক বিবৃতিতে এ খবর জানিয়েছেন বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
২০২১ সালের জন্য ওয়ানডেতে বর্ষসেরা ক্রিকেটার বেছে নিতে মোট চার ক্রিকেটারকে মনোনয়ন দেওয়া হয়েছে।
সাকিব ছাড়াও মনোনীত বাকি তিন ক্রিকেটার হলেন, পাকিস্তানের ওপেনার বাবর আজম, দক্ষিণ আফ্রিকা থেকে জানেমান মালান ও আয়ারল্যান্ডের পল স্টার্লিং।
এর আগে টেস্ট ক্রিকেটার অব দ্য ইয়ার পুরস্কার মনোনীত হয়েছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন, ইংল্যান্ডের জো রুট, শ্রীলঙ্কার দিমুথ করুনারাত্নে ও নিউজিল্যান্ডের কাইল জেমিসন।
এই বছর ৯টি ওয়ানডে খেলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। যেখানে দুই হাফসেঞ্চুরিতে ৩৯.৫৭ গড়ে তার সংগ্রহ ২৭৭ রান। এছাড়া ১৭.৫২ গড়ে উইকেট নিয়েছেন ১৭টি।
এ বছরের সেরা ওয়ানডে খেলোয়াড়ের দৌড়ে থাকা বাকি তিনজনের মধ্যে বাবর আজম ছয় ম্যাচে দুই সেঞ্চুরিতে করেছেন ৪০৫ রান, জানেমান মালান আট ম্যাচে দুইটি করে ফিফটি ও সেঞ্চুরিতে করেছেন ৫০৯ রান এবং পল স্টারলিং ১৪ ম্যাচে তিন সেঞ্চুরি ও দুই ফিফটিতে করেছেন বছরের সর্বোচ্চ ৭০৫ রান।



