বাংলাদেশ

অর্থ আত্মসাৎ: নর্থ সাউথের চেয়ারম্যানসহ ৯ জনের বিরুদ্ধে চার্জশিট

দুর্নীতি দমন কমিশন (দুদক), প্রায় ৩০৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দেশের শীর্ষ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান আজিমউদ্দিন ও চার সদস্যসহ মোট ৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে।

আজ বৃহস্পতিবার (২০ অক্টোবর) সিনিয়র বিশেষ জজ আদালতে সংস্থাটির উপপরিচালক ফরিদ উদ্দিন পাটোয়ারী চার্জশিট দাখিল করেন।

দুদক সচিব মো. মাহবুব হোসেন গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

চলতি বছরের ৫ মে দুদকের সমন্বিত ঢাকা জেলা কার্যালয়-১ মামলাটি দায়ের করা হয়েছিল। মামলায় আসামি ছয়জন হলেও চার্জশিটে নতুন করে তিনজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আসামিরা হলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ, সদস্য এম এ কাশেম, বেনজীর আহমেদ, রেহানা রহমান, মোহাম্মদ শাহজাহান ও আশালয় হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিন মো. হিলালী।

তদন্তে নতুন নাম আসা আসামিরা হলেন, আশালয় হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের চেয়ারম্যান ওমর ফারুক, পরিচালক আনোয়ার বেগম ও সৈয়দ এ কে কামরুজ্জামান।

এজাহারে বলা হয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং শিক্ষা মন্ত্রণালয়কে পাশ কাটিয়ে ট্রাস্টি বোর্ডের কয়েকজন সদস্যের অনুমোদন/সম্মতির মাধ্যমে ক্যাম্পাস উন্নয়নের নামে নামে ৯ হাজার ৯৬ দশমিক ৮৮ ডেসিমাল জমির ক্রয়মূল্য বাবদ ৩০৩ কোটি ৮২ লাখ ১৩ হাজার ৪৯৭ টাকা বেশি দেখিয়ে তা আত্মসাৎ করা হয়েছে।

আসামিদের বিরুদ্ধে অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের তহবিলের টাকা আত্মসাতের উদ্দেশে কম দামে জমি কেনা সত্ত্বেও বেশি দাম দেখিয়ে তারা প্রথমে বিক্রেতাকে টাকা দেন। পরে বিক্রেতার কাছ থেকে নিজেদের লোকের নামে নগদ চেকের মাধ্যমে টাকা উত্তোলন করে আবার নিজেদের নামে এফডিআর করে রাখেন। পরে নিজেরা এফডিআরের অর্থ উত্তোলন করে আত্মসাৎ করেন।

অবৈধ ও অপরাধলব্ধ আয়ের অবস্থান গোপনের জন্য ওই অর্থ হস্তান্তর ও স্থানান্তরের মাধ্যমে মানিলন্ডারিংয়ের অপরাধও করেন তারা।

Related Articles

Leave a Reply

Back to top button