বাংলাদেশ

জনগণকে সচেতন করতে পদক্ষেপ নেওয়ার নির্দেশ

তথ্য অধিকার আইন সম্পর্কে তৃণমূল পর্যায়ে জনগণকে সচেতন করতে তথ্য কমিশনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

রোববার (২৪ সেপ্টেম্বর) সকালে বঙ্গভবনে প্রধান তথ্য কমিশনার ড. আব্দুল মালেকের নেতৃত্বে তথ্য কমিশনের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির কাছে কমিশনের বার্ষিক প্রতিবেদন-২০২২ পেশ করতে গেলে রাষ্ট্রপতি এ নির্দেশনা দেন।

এ সময় তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক এবং মাসুদা ভাট্টি উপস্থিত ছিলেন।

পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদিন ব্রিফিংয়ে জানান, সাক্ষাৎকারকালে প্রধান তথ্য কমিশনার প্রতিবেদনের বিভিন্ন দিক এবং কমিশনের সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

তিনি জানান, ২০২২ সালে পাওয়া তথ্যের তুলনায় প্রদেয় তথ্যের পরিমাণ ৯৭ শতাংশ।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, তথ্য পাওয়া মানুষের মৌলিক অধিকার।

তথ্যের অবাধ প্রবাহ মানুষের কল্যাণ প্রসারিত করে এবং দুর্নীতিকে সংকুচিত করে উল্লেখ করে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দুর্নীতি দমনে তথ্য অধিকার আইনের ব্যাপক প্রয়োগের ওপর জোর দেন।

তথ্য অধিকার আইন এবং এর যথাযথ প্রয়োগ সম্পর্কে তৃণমূল পর্যায়ে জনগণ যাতে জানতে পারে সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন রাষ্ট্রপতি।

Related Articles

Leave a Reply

Back to top button