বাংলাদেশ

বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে বাংলাদেশ

কানাডায় অবস্থানরত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে প্রত‌্যাবর্তন করতে দেশ‌টির প্রতি অনুরোধ পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ।
অটোয়ার স্থানীয় সময় শুক্রবার (২৭ অক্টোবর) কানাডায় অনুষ্ঠিত দুই দে‌শের যৌথ পরামর্শক সভায় খুনি নূর চৌধুরীকে ফেরত চেয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ-কানাডা পঞ্চম এফও‌সিতে ঢাকার প‌ক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। অন্যদিকে কানাডার প্রতি‌নি‌ধিদলের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী উপমন্ত্রী (এশিয়া প্যাসিফিক) ওয়েলডন এপ।
বৈঠকে দুই দেশের মধ্যকার রাজনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, কারিগরি সহায়তা, অভিবাসন, রোহিঙ্গা সংকট মোকাবিলাসহ বৈশ্বিক ও আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়।
বৈঠকে মূল্যবোধ ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে গড়ে ওঠা বাংলাদেশ-কানাডা সুদৃঢ় দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে পররাষ্ট্রসচিব সন্তোষ প্রকাশ করেন।
কানাডার সহকারী উপমন্ত্রী বাংলাদেশের অভূতপূর্ব অর্থনৈতিক প্রবৃদ্ধির ভূয়সী প্রশংসা করেন। তিনি মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত ১.১ মিলিয়নের অধিক রোহিঙ্গা জনগোষ্ঠীকে উদারভাবে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের প্রশংসা করেন এবং এ সংকট মোকাবিলায় কানাডার অংশীদারিত্ব অটুট রাখার ব্যাপারে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
সম্পর্কের ক্ষেত্রে বাণিজ্যের ক্রমবর্ধমান ভূমিকার পরিপ্রেক্ষিতে দ্বিপাক্ষিক বাণিজ্য বহুমুখীকরণ ও সম্প্রসারণের জন্য একটি কারিগরি গ্রুপ গঠনে উভয়পক্ষ সম্মত হয়। এছাড়া উভয় দেশ দ্বিপাক্ষিক সম্পর্ককে পরবর্তী ধাপে উন্নীত করতে একযোগে কাজ করতেও সম্মত হয়।
পররাষ্ট্রসচিব বাংলাদেশের সেবা খাতে সক্ষমতা বৃদ্ধি, দক্ষতার উন্নয়ন, বাণিজ্য সহজিকরণ, বিশুদ্ধ ও নবায়নযোগ্য জ্বালানি ও প্রযুক্তি এবং কৃষি-খাদ্য প্রক্রিয়াকরণে দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেন।
এছাড়া কানাডার উপমন্ত্রী ডেভিড মরিসন আয়োজিত মধ্যাহ্ন ভোজে জলবায়ু পরিবর্তন, শান্তি ও নিরাপত্তা এবং আন্তঃরাষ্ট্রীয় অপরাধসহ বিভিন্ন বৈশ্বিক ও আঞ্চলিক সমসাময়িক ইস্যুতে আলোচনা হয়।
বৈঠকে কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (উত্তর আমেরিকা) খন্দকার মাসুদুল আলম এবং অটোয়ায় বাংলাদেশ হাইকমিশন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button