বাংলাদেশ

বিচারের জন্য কাউকে যেন চোখের পানি ফেলতে না হয়: প্রধানমন্ত্রী

বিচারের জন্য কাউকে যেন চোখের পানি ফেলতে না হয়, সেজন্য প্রয়োজনীয় সব সুবিধা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় প্রধানমন্ত্রী সবার প্রতি সুবিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ সুপ্রিম কোর্ট কর্তৃক প্রকাশিত বঙ্গবন্ধু ও বিচার বিভাগ এবং ন্যায়কণ্ঠ শীর্ষক মুজিববর্ষ স্মরণিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্যে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার বিকেলে বঙ্গভবন থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, ন্যায়বিচার মানুষের প্রাপ্য। যেন সবসময় পায় সেটা আমরা চাই। কারণ আমরা ভুক্তভোগী। তাই আমরা জানি বিচার না পাওয়ার কষ্টটা কী।

তিনি বলেন, আমরা যারা ১৫ আগস্ট সব হারিয়েছিলাম, আমার মতো বাবা-মা হারিয়ে যেন কাউকে বিচারের জন্য চোখের পানি ফেলতে না হয়। সেটাই আমরা চাই। সেটা আপনারা নিশ্চিত করে দেবেন। আর আমি যতক্ষণ সরকারে আছি এজন্য যা যা দরকার আমরা করবো।

প্রধানমন্ত্রী বলেন, আসলে বহু বছর বিচার না পেয়ে মনে অনেক দুঃখ ছিল। যা হোক, এ হত্যার বিচার পেয়েছি। এটাই হচ্ছে সব থেকে বড় কথা।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার রায় কার্যকর হওয়ায় বিচার বিভাগ, দল ও দেশবাসীর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, তবে এখন আরেকটা দায়িত্ব রয়ে গেছে। চক্রান্তটা খুঁজে বের করা। এটা একদিন বের হবে। এতে কোনো সন্দেহ নেই।

মুজিববর্ষের স্মরণিকা ন্যায়কণ্ঠ প্রকাশিত হওয়ায় প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান। বক্তব্য শেষে তিনি স্মরণিকার মোড়ক উন্মোচন করেন।

Related Articles

Leave a Reply

Back to top button