বিশ্ব

যুদ্ধের মধ্যে বুঝতে পারছি বন্ধু কারা: জেলেনস্কি

রাশিয়ার সামরিক হামলায় ইউক্রেনের অবস্থা ভয়াবহ বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, ‘গত ২০ দিনে যুদ্ধের মধ্যে আমরা বুঝতে পারছি সত্যিকার বন্ধু কারা।’

মঙ্গলবার ভার্চ্যুয়ালি কানাডার পার্লামেন্টে দেওয়া বক্তব্যে আইনপ্রণেতাদের উদ্দেশে জেলেনস্কি এ কথা বলেন। খবর বিবিসি।

রাশিয়ার বিমান হামলা ঠেকাতে নো-ফ্লাই জোন বা বিমান উড্ডয়ন নিষিদ্ধ অঞ্চল ঘোষণার জন্য পশ্চিমা দেশগুলোর প্রতি দাবি জানিয়ে আসছেন জেলেনস্কি। কিন্তু তার সেই আহ্বানে সাড়া দিচ্ছেন না পশ্চিমা দেশগুলোর নেতারা। তারা বলছেন, এটা করা মানে রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাতে জড়ানো।

তাদের উদ্দেশে জেলেনস্কি বলেন, কানাডা যদি ইউক্রেনের পরিস্থিতিতে পড়ত, তাহলে তারা কী করতেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘কল্পনা করুন তো, অন্য বন্ধুপ্রতিম রাষ্ট্রের প্রতি আহ্বান জানানো এবং তাদের বলা—অনুগ্রহ করে আকাশটা বন্ধ করে দিন, বিমান চলাচল আটকে দিন, বোমাবর্ষণ থামান। এর জবাবে তারা পরিস্থিতি নিয়ে তাদের গভীর উদ্বেগ প্রকাশ করছেন। আমরা আমাদের সঙ্গীদের সঙ্গে কথা বলছি আর তারা বলছে, অনুগ্রহ করে আরেকটু ধৈর্য ধরো।’

Related Articles

Leave a Reply

Back to top button