ভূরাজনীতি
বিএনপির ‘এক দফা’ ঘোষণা আজ

আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আর এ নির্বাচন ঘিরে সরব হয়ে উঠছে রাজনীতির মাঠ। রাজনীতিতে এখন মাঠ দখলই মুখ্য হয়ে উঠেছে। ফলে রাজনীতিক দলগুলো নিজেদের অবস্থান জানান দিতে শুরু করেছেন নানান কর্মসূচি। তবে সেটা আবার একে অপরের পাল্টাপাল্টি।
এরই মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও তাদের সমমনা দলগুলো নিয়মিত কর্মসূচি দিয়ে মাঠ গরম করতে চাইছে। তাদের সঙ্গে পাল্লা দিয়ে কর্মসূচি দিচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগও।
আজ বুধবার (১২ জুলাই) রাজধানীতে নিজেদের সক্ষমতার পরিচয় দিতে বিএনপির সমাবেশে ‘এক দফা’ ঘোষণা এবং ক্ষমতাসীন আওয়ামীলীগ রাজপথে শান্তি সমাবেশ করবে।
দু’দলের এই শোডাউনে রাজধানী ঢাকায় লাখ লাখ মানুষ সমাগম করার চিন্তা করছে তারা। আওয়ামী লীগের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে তাদের সমাবেশ অনুষ্ঠিত হবে। এজন্য ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগকে ৫০ হাজার করে মানুষ আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছেন আওয়ামী লীগের নীতিনির্ধারকরা।
এদিকে নয়াপল্টনে বিএনপির সমাবেশ ঘিরে রাজধানীর পাড়া-মহল্লায় মঙ্গলবার মাইকিংসহ নানামুখী প্রচার করা হয়েছে। মাইকে সবাইকে সমাবেশে আসার আহ্বান জানানো হয়েছে। এ সমাবেশ থেকে এক দফা আন্দোলনের চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করবে বিএনপি।
আওয়ামী লীগ ও বিএনপি রাজপথে দীর্ঘদিন ধরেই পাশাপাশি অবস্থানে রয়েছে। এই দুই দলের সঙ্গে তাদের সমমনা দলগুলোও রয়েছে। সেই ধারাবাহিকতায় বুধবার সরকারবিরোধী চূড়ান্ত আন্দোলনের প্রথম কর্মসূচি ঘোষণা করবে বিএনপি ও মিত্ররা।



