শততম টি-টোয়েন্টিতে টাইগারদের বিশাল জয়

ক্রিকেট ইতিহাসের শততম টি-টোয়েন্টি ম্যাচে বড় জয় পেল বাংলাদেশ।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে বৃহস্পতিবার সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়ের বিরুদ্ধে ৮ উইকেটে জিতেছে বাংলাদেশ।
ঐতিহাসিক এই ম্যাচে ১৮ ওভার ৫ বলে মাত্র দু’টি উইকেট হারিয়ে জয় তুলে নেয় টাইগাররা।
এর আগে, টসে জিতে ব্যাটিংয়ে নেমে ১৯ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১৫২ রান সংগ্রহ করে স্বাগতিক জিম্বাবুয়ে।
ম্যাচে সর্বোচ্চ তিন উইকেট নেন মোস্তাফিজুর রহমান। দু’টি করে উইকেট পান শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন। আর সাকিব-মাহমুদুল্লাহ নেন একটি করে উইকেট। জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন রেগিস চাকাভা।
জিম্বাবুয়ের ছুড়ে দেওয়া ১৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুই ওপেনার সৌম্য সরকার ও মোহাম্মদ নাঈমের ব্যাটে দারুণ শুরু পায় বাংলাদেশ। দুই ওপেনারের সাবধানী ব্যাটিংয়ে প্রথম ৬ ওভারে ৪৩ রান তোলে বাংলাদেশ। ১০ ওভারে শেষে সংগ্রহ দাঁড়ায় ৭৬ রানে।
শেষ ৩ ওভারে বাংলাদেশের দরকার ছিল ২৭ রান। এনগ্রাভার করা চতুর্থ ও ইনিংসের ১৮তম ওভারে নাঈম ও নুরুল হাসান সোহান মিলে তোলেন ১৬ রান। ফলে লক্ষ্য টাইগারদের হাতের মুঠোয় চলে আসে। ১৯তম ওভারের দ্বিতীয় বলে ছক্কা হাঁকিয়ে সেই লক্ষ্য ঢিল ছোঁড়া দূরত্বে এনে ফেলেন সোহান। এরপর ওভারের শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে জয় নিশ্চিত করেন নাঈম। এই বাঁহাতি ওপেনার ৫১ বলে ৬৩ রানের দারুণ ইনিংস খেলে অপরাজিত থাকেন। আর সাড়ে চার বছর পর টি-টোয়েন্টি দলে ফেরা সোহান অপরাজিত থাকেন ৮ বলে ১ ছক্কা ও ১ চারে ১৬ রানের ক্যামিও খেলে।
বল হাতে একটি উইকেট ও ব্যাট হাতে অর্ধশতক রান তুলে ম্যাচ সেরা হয়েছেন সৌম্য সরকার।



