ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ২,২০২ জন

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জন মারা গেছেন। এরমধ্যে ঢাকায় ৯ জন এবং ঢাকার বাইরে ১ জন।
আজ শনিবার ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ২ হাজার ২০২ জন।
এরমধ্যে ঢাকা মহানগরীতে ১ হাজার ১৪৩ এবং ঢাকা মহানগরীর বাইরে বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৫৯ জন ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৮ হাজার ৯৬১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৫ হাজার ১০০ এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ৩ হাজার ৯৬১ জন রোগী।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে এ পর্যন্ত ৪৬ হাজার ৪০৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ২৬ হাজার ৮৪৮ এবং ঢাকার বাইরে ১৯ হাজার ৫৫৯ জন। এদিকে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে এ পর্যন্ত ২৩৯ জন মারা গেছেন।



