৩৯ বীর মুক্তিযোদ্ধাকে পদোন্নতি দিয়ে রায় প্রকাশ

মুক্তিযুদ্ধের পর স্বাধীন দেশে প্রথম বিসিএসের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিয়োগ দেয়া ৩৯ জন বীর মুক্তিযোদ্ধা কর্মকর্তাকে প্রাপ্যতা অনুযায়ী ভূতাপেক্ষ পদোন্নতি দিতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়ে রায় প্রকাশ করেছেন হাইকোর্ট।
রবিবার (২১ মার্চ) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি রাজিক আল জলিলের স্বাক্ষরের পর এ রায় প্রকাশ করা হয়।
রিটকারী আইনজীবী রেজা-ই-রাব্বী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গেল বছরের ১ নভেম্বর ২০১৩ সালের জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি নাইমা হায়দার ও রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
রায়ে, বিসিএস ক্যাডারভুক্ত সাবেক ৩৯ জন বীর মুক্তিযোদ্ধা কর্মকর্তাকে বিভিন্ন পদমর্যাদায় (সচিব-উপসচিব) ভূতাপেক্ষ পদোন্নতি দেয়ার নির্দেশ দিয়ে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তাদেরকে প্রাপ্য সুযোগ-সুবিধা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়কে এ বিষয়ে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন আদালত। ৩৯ জন বীর মুক্তিযোদ্ধা কর্মকর্তা বর্তমানে অবসরে রয়েছেন।
রায় ঘোষণার পর রেজা-ই-রাব্বী বলেন, ‘পদোন্নতিবঞ্চিত হয়ে বীর মুক্তিযোদ্ধা বিসিএস কর্মকর্তা মো. সাইফুজ্জামান, মো. আমিরুল ইসলাম, মো. খলিলুর রহমানসহ ৩৯ কর্মকর্তা এর আগে ২০১৩ সালে হাইকোর্টে রিট করেছিলেন। ওই রিটের শুনানি নিয়ে আদালত প্রাথমিকভাবে ওই বছরই রুল জারি করেছিলেন। রুলে বীর মুক্তিযোদ্ধা হিসেবে সচিব ও উপসচিব সুযোগ-সুবিধা কেন দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়েছিল। হাইকোর্টের জারি করা রুল যথার্থ ঘোষণা করে রায় দিয়েছেন আদালত।’
তিনি আরও বলেন, ‘সাবেক ৩৯ জন মুক্তিযোদ্ধা কর্মকর্তাদের মধ্যে সবাই বর্তমানে অবসরে আছেন। তাদের মধ্যে কেউ কেউ উপসচিব, যুগ্মসচিব থাকা অবস্থায় অবসরে গেছেন। এ বিষয়ে তাদের প্রাপ্য সুযোগ সুবিধা দিতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন আদালত।’



