চলে গেলেন বৃষ্টি আইনের জনক টনি লুইস; বিসিবির শোক প্রকাশ

চলে গেলেন ডাকওয়ার্থ-লুইস পদ্ধতির যৌথ উদ্ভাবকের একজন টনি লুইস। বুধবার (০১ এপ্রিল) রাতে মারা গেছেন প্রাকৃতিক দুর্যোগজনিত কারণে ওয়ানডে বা টি-টোয়েন্টি জন্য ব্যবহৃত ডাকওয়ার্থ-লুইস পদ্ধতির এই উদ্ভাবক। ৭৮ বছর বয়সে পরপারে পাড়ি দেওয়া এই গণিতবিদের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির এক বিবৃতিতে সংস্থাটির প্রধান নির্বাহী নিজামউদ্দি চৌধুরী সুজন বলেন, টনি লুইস এমন একটি পদ্ধতি দিয়ে ক্রিকেটের খেলায় বিপ্লব ঘটিয়েছিলেন যা আবহাওয়া-বিঘ্নিত খেলাগুলি নিষ্পত্তির ক্ষেত্রে সবচেয়ে নিখুঁত হিসাবে বিবেচিত হয়। তার অবদান চিরকালের জন্য স্মরণ করা হবে।
সীমিত ওভারের ক্রিকেটে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে গাণিতিক হিসেব-নিকেশের জন্য সতীর্থ গণিতবিদ ফ্র্যাঙ্ক ডাকওয়ার্থকে নিয়ে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতি উদ্ভাবন করেন টনি লুইস। তাদের উদ্ভাবিত ফর্মুলা দিয়ে বৃষ্টি-বিঘ্নিত ক্রিকেট ম্যাচে যারা পরে ব্যাটিং করবে তাদের লক্ষ্য কত হতে পারে সেটি বের করা হয়।
নব্বইয়ের দশকের মাঝামাঝি পর্যন্ত বৃষ্টি বিঘ্নিত ম্যাচের জন্য অদ্ভুত এক নিয়ম ছিল আইসিসির। বৃষ্টিতে ম্যাচের পরিধি কমে আসলে প্রথম ইনিংসে ব্যাট করা দলের মেডেন ওভার ও কম রান নেওয়া ওভারগুলো বাদ দেওয়া হতো। যে নিয়মের মারপ্যাঁচে পড়ে ১৯৯২ সালে সেমি-ফাইনাল থেকে বিদায় নিয়েছিল দক্ষিণ আফ্রিকা।
এর পাঁচ বছর পর ফ্র্যাঙ্ক ডাকওয়ার্থ ও টনি লুইস সহজ একটি নিয়ম তৈরি করেন। বর্তমানে বৃষ্টি বাগড়া দিলে ক্রিকেট ম্যাচে যারা পরে ব্যাটিং করবে তাদের লক্ষ্য কত হতে পারে তা এ ফর্মুলা দিয়ে বের করা হয়। তবে ২০০৬ সালে টি-টোয়েন্টি ক্রিকেট আবিষ্কারের পর এই নিয়মের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে। পরে ২০১৪ সালে অস্ট্রেলিয়ান অধ্যাপক স্টিভেন স্টার্ন কার্যকরীভাবে এই নিয়মের হালনাগাদ করেন। ফলে এর বর্তমান নাম ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন মেথড।
আশির দশক থেকেই বৃষ্টি বিঘ্নিত ম্যাচ নিয়ে কাজ করছিলেন ডাকওয়ার্থ। তখন ক্রিকেট সংশ্লিষ্টরা তাকে আমলে নেননি। পরে ১৯৯২ সালে তার সঙ্গে যুক্ত হন লুইস। তখন থেকে দুজনে হিসাবনিকাশ শুরু করেন। পরে ১৯৯৭ সালে এই পদ্ধতিটি ব্যবহার উপযোগী হিসেবে গড়ে তোলেন। তার প্রায় দুই বছর পরীক্ষামূলকভাবে দেখার পর ১৯৯৯ সালে আনুষ্ঠানিকভাবে ডাকওয়ার্থ-লুইস মেথড গ্রহণ করে আইসিসি।
১৯৯৯ সালে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আনুষ্ঠানিকভাবে ডি/এল পদ্ধতি কার্যকর করে। তবে ১৫ বছর পর এর নাম পরিবর্তন করে ২০১৪ সালে দেওয়া হয় ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন বা ডিএলএস পদ্ধতি।
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের গণিতের অধ্যাপক স্টিভেন স্টার্ন আধুনিক ক্রিকেটের স্কোরিং-রেট বিবেচনায় মূল পদ্ধতির হিসাব হালনাগাদ করেন। তাই ২০১৫ বিশ্বকাপ থেকে প্রথমবারের মতো চালু হয় ডার্কওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতি।
১৯৯৭ সালের আগে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে চালু ছিল অদ্ভুত নিয়ম। যে নিয়মে মাঝেমধ্যেই অদ্ভুত সব হিসাব পাওয়া যেত। তার সবচেয়ে বড় উদাহরণ হয়ে আছে ১৯৯২ বিশ্বকাপে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার সেমিফাইনাল ম্যাচটি। বৃষ্টি নামার আগে প্রোটিয়াদের প্রয়োজন ছিল ১৩ বলে ২২ রান। বৃষ্টি থামার পরে হিসাব এলো ১ বলে ২১ রানের! যার ফলে কপাল পুড়ে দক্ষিণ আফ্রিকার।
ডাকওয়ার্থ-লুইসের উদ্ভাবক ফ্র্যাঙ্ক ডাকওয়ার্থের কাছে ওই ম্যাচটি তাদের নতুন পদ্ধতি বের করতে অনুপ্রেরণা দিয়েছিল। তিনি বলেন, ‘আমার মনে আছে (ধারাভাষ্যকার) ক্রিস্টোফার মার্টিন-জেনেকিন্সকে রেডিওতে বলছিলেন, নিশ্চয় কেউ কোথাও বসে এর চেয়ে ভালো কিছু বের করবে। এরপরই আমার কাছে মনে হলো যে, এই গাণিতিক সমস্যার সমাধান হওয়া প্রয়োজন।’
এই পদ্ধতির প্রথম কার্যকর করা হয় ১৯৯৭ সালে। জিম্বাবুয়েকে ২০০ রানে অলআউট করেছিল ইংল্যান্ড।পরে এই পদ্ধতিতে ইংলিশদের সামনে নতুন টার্গেট দাঁড়ায় ৪২ ওভারে ১৮৬ রান। ম্যাচটি ইংলিশরা হারে ৭ রানে।
২০১০ সালে ক্রিকেট ও গণিতে অবদান রাখার জন্য ডাকওয়ার্থ ও লুইসকে ব্রিটিশ সাম্রাজ্যের পঞ্চম সম্মান এমবিই পদবি দেওয়া হয়



