সরকারের পতন না হওয়া পর্যন্ত মুক্তি নেই: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বর্তমান সরকারের পতন না হওয়া পর্যন্ত মানুষের মুক্তি মিলবে না।
রবিবার (০৬ ডিসেম্বর) ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের উদ্যোগে মোহাম্মদপুর জহুরি মহল্লার আগুনে পুড়ে যাওয়া বস্তিবাসীদের মাঝে ত্রাণসামগ্রী ও শীতবস্ত্র বিতরণের সময় তিনি এ কথা বলেন।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেন, আজকে চারদিকে শুধু আগুন। মানুষের বাড়িঘর জ্বলছে। ঢাকার বস্তি গ্রাস করার জন্য দখল করার জন্য ক্ষমতাসীনরা মরিয়া হয়ে উঠেছে। গোটা জাতির নিরাপত্তা নাই, মানুষের জীবনের নিরাপত্তা নাই। বাড়িঘরের নিরাপত্তা নাই। বেঁচে থাকার নিরাপত্তা নাই।
তিনি বলেন, আজকে মানুষ নিজের বাড়ি ঘরে থাকতে পারছে না। ঢাকার অনেক বস্তি ক্ষমতাসীনরা আগুন লাগিয়ে দখল করে নিয়েছে।
বলেন, প্রধানমন্ত্রী উন্নয়নের কথা বলেন। কোনও স্বৈরাচারের উন্নয়নের কথায় জনগণের উন্নয়ন হয় না। জনগণের কল্যাণ বয়ে আনে না। সরকারের মন্ত্রী-এমপিরা যখন উন্নয়নের কথা বলেন তখন বুঝতে হবে হাজার কোটি টাকা দুর্নীতির ষড়যন্ত্র চলছে।
প্রায় দেড় মাস চিকিৎসা থাকার পর হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর এই প্রথম কোনও প্রোগ্রামে অংশ নিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।



