বাংলাদেশ

ডিআইইউতে ১০ শিক্ষার্থী বহিষ্কারের ঘটনায় ৪৮ সংগঠনের নিন্দা

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) সাংবাদিক সমিতির কার্যক্রম বন্ধের নির্দেশ এবং সাংবাদিকতা পেশায় যুক্ত ১০ শিক্ষার্থীকে বহিষ্কারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দেশের ৪৮টি সংগঠন৷

একইসঙ্গে শর্তহীনভাবে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা না হলে দেশব্যাপী কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন সংগঠনগুলোর নেতারা৷ এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমেও নিন্দা জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় সাংবাদিক নেতারা৷

সাংবাদিক নেতারা অবিলম্বে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে ক্যাম্পাসে বস্তুনিষ্ঠ ও স্বাধীন সাংবাদিকতা চর্চার অনুকূল পরিবেশ নিশ্চিতের আহ্বান জানিয়ে বলেন, ডিআইইউ প্রশাসন নিজেদের অন্যায়-অপকর্ম ধামাচাপা দিতে স্বাধীন সাংবাদিকতার টুঁটি চেপে ধরার অপচেষ্টায় লিপ্ত হয়েছে৷

তারা বলেন, নির্ভরযোগ্য সূত্রে আমরা জানতে পেরেছি, ২০২০ সাল থেকে কার্যক্রম চালিয়ে আসছে ডিআইইউ সাংবাদিক সমিতি। অভ্যন্তরীণ অনিয়ম, দুর্নীতি ও শিক্ষার্থী হয়রানির মতো জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংগঠনের সদস্যরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের কারণে এর আগেও বেশ কয়েকবার সমিতি বন্ধের পাঁয়তারা করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় ১৩ মার্চ (বুধবার) সমিতির নতুন কমিটি গঠনের পর এর কার্যক্রম বন্ধের নির্দেশ ও সংশ্লিষ্ট ১০ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে ডিআইইউ প্রশাসন।

সাংবাদিক সমিতির মতো একটি পেশাজীবী সংগঠন তৈরির কারণে শিক্ষার্থীদের বহিষ্কারের ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও নজিরবিহীন। এ ঘটনা দেশের সাংবাদিকতার ইতিহাসে অত্যন্ত খারাপ উদাহরণ তৈরি করেছে।

Related Articles

Leave a Reply

Back to top button