চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

অবশেষে দীর্ঘ ২৪ বছর গ্রেফতার হলো চাঞ্চল্যকর ও বহুল আলোচিত চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার পলাতক ও চার্জশিটভুক্ত ১ নম্বর আসামি আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরী।
মঙ্গলবার (৫ এপ্রিল) রাত ১১ টার দিকে রাজধানীর গুলশান-২ এর ২৫/বি ফিরোজা গার্ডেন নামে একটি বাসা থেকে তাকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেফতার অভিযানে তার বাসায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মদ, বিয়ার ও সিসা জব্দ করা হয়।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি বলেন, ২৮ মার্চ আসামি আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তারা বাসা মিরপুর ডিওএইচএস। প্রথমে সেখানে অভিযান পরিচালনা করে তাকে পাওয়া যায়নি। গুলশানের এই বাসায় আত্মগোপন করেছিলেন তিনি।
এ সময় এই বাসা থেকে ২৩ বোতল বিদেশি মদ, বেশ কিছু বিয়ার ও সিসা সেবনের সরঞ্জামও উদ্ধার করা হয়।
খন্দকার আল মঈন বলেন, গুলশানের এই বাসাটিতে আমরা দু’জন নারীকে পেয়েছি। তাদের আটক করা হয়েছে। কিন্তু আসামি আশিষ রায় চৌধুরীর পরিবার এখানে থাকেন না। দুজন নারীর পরিচয় ও কী উদ্দেশ্যে তারা এই বাসায় ছিলেন, তা জিজ্ঞাসাবাদে জানা যাবে। আশিষ রায় একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলেও যোগ করেন তিনি।
প্রসঙ্গত, ১৯৯৮ সালের ১৭ ডিসেম্বর রাজধানীর বনানীতে ট্রাম্পস ক্লাবের নিচে চিত্রনায়ক সোহেল চৌধুরীকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় তার ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী গুলশান থানায় মামলা করেন। সোহেল চৌধুরী নিহত হওয়ার পরপরই এই হত্যাকাণ্ডে চলচ্চিত্র প্রযোজক ও ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের সম্পৃক্ততার অভিযোগ ওঠে।
মামলায় অভিযোগ করা হয়, হত্যাকাণ্ডের কয়েক মাস আগে আজিজ মোহাম্মদ ভাইয়ের সঙ্গে সোহেল চৌধুরীর কথা-কাটাকাটি হয়। এর প্রতিশোধ নিতে সোহেলকে হত্যা করা হয়। ঘটনার রাতে সোহেল তার বন্ধুদের নিয়ে ট্রাম্পস ক্লাবে ঢোকার চেষ্টা করেন। এ সময় ভেতরে ঢুকতে তাকে বাধা দেওয়া হয়। রাত আড়াইটার দিকে আবারও তিনি ঢোকার চেষ্টা করেন। তখন সোহেলকে লক্ষ্য করে ইমন, মামুন, লিটন, ফারুক ও আদনান গুলি চালান। আসামিদের মধ্যে আদনান খুনের পরপরই ধরা পড়েছিলেন।আশীষ রায় চৌধুরী ও আজিজ মোহাম্মদ ভাইসহ নয় জনের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার (এসি) আবুল কাশেম ব্যাপারী ১৯৯৯ সালের ৩০ জুলাই আদালতে চার্জশিট দাখিল করেন।
গ্রেফতার আসামি আশীষ রায় চৌধুরী নায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার চার্জশিটভুক্ত প্রধান আসামি। তিনি একাধিক বেসরকারি এয়ারলাইনসের ঊর্ধ্বতন পদে ছিলেন। সর্বশেষ তিনি জিএমজি এয়ারলাইনসের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) ছিলেন।
১৯৮৪ সালে এফডিসির নতুন মুখের সন্ধানে নামের প্রতিযোগিতার মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন সোহেল চৌধুরী।



