Leadস্পোর্টেইনমেন্ট

‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নিয়ে সেই পুরোনো বিতর্ক-ই সামনে আসছে

★ হাসান জাহাঙ্গীর-ই যেন বিতর্কের সমার্থক

➤ বাংলাদেশের বিনোদন জগতে শিল্পীদের সঙ্গে চুক্তির বরখেলাপ, নাটকের কথা বলে সিনেমা বানানো বা এক প্রজেক্টের ফুটেজ অন্য প্রজেক্টে ব্যবহারের অভিযোগ নতুন নয়। সম্প্রতি চিত্রনায়িকা মৌসুমী, মডেল ও অভিনেত্রী জেবা জান্নাত বা অবিনেতা সিয়াম মৃধার সঙ্গে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নিয়ে যা ঘটেছে, তার সঙ্গে মিল রয়েছে অতীতের বেশ কিছু ঘটনার।

নব্বইয়ের দশকের শেষভাগ থেকে ২০০০-এর দশকের মাঝামাঝি পর্যন্ত চলচ্চিত্রের তৎকালিন অনেক নায়ক-নায়িকার সঙ্গেই এ ধরনের ঘটনা ঘটেছে। পূর্ণিমা, শাবনূর, রিয়াজ, আমিন খান, আলেকজান্ডার বোসহ প্রথম সারির প্রায় সব তারকায় এসব ঘটনার মুখোমুখি হয়েছেন। সেসব ঘটনা বেশ সমালোচনার জন্ম দিয়েছিল।

ঢালিউডের ইতিহাসের অন্যতম বড় প্রতারণার ঘটনা ঘটেছে ‘কাটপিস’ যুগে। পরিচালকরা মূল নায়ক-নায়িকাদের নিয়ে একটি পরিচ্ছন্ন সামাজিক বা অ্যাকশন গল্পের শুটিং করতেন। কিন্তু সিনেমা যখন প্রেক্ষাগৃহে মুক্তি পেত, তখন দেখা যেত মূল গল্পের মাঝখানে বা গানের আগে-পরে অপ্রাসঙ্গিক ও অশ্লীল কিছু দৃশ্য (যা ‘কাটপিস’ নামে পরিচিত) জুড়ে দেওয়া হয়েছে।

➤➤ কেন তারকাদেরই নেতা বানায় তামিলনাড়ু

এই দৃশ্যগুলো সাধারণত অন্য কোনো এক্সট্রা বা ডামি শিল্পীদের দিয়ে গোপনে ধারণ করা হতো। মূল তারকারা সিনেমা মুক্তির পর জানতেন যে, তাদের সিনেমায় এমন দৃশ্য রয়েছে, যা তাদের ক্যারিয়ার ও সম্মানের জন্য বড় ধরনের হুমকিস্বরূপ ছিল।

অনেক সময় পরিচালকরা কোনো একটি সিনেমার কয়েক দিনের শুটিং করার পর বাজেট বা অন্য কোনো কারণে কাজ বন্ধ করে দেন। পরবর্তীতে ওই পুরোনো ফুটেজগুলোর সঙ্গে নতুন গল্প জুড়ে বা ডামি শিল্পী ব্যবহার করে একটি জোড়াতালি দেওয়া সিনেমা মুক্তি দেওয়া হয়।

নায়িকা পপি বেশ কয়েকবার অভিযোগ করেছিলেন যে, তার অসমাপ্ত বা বাতিল হয়ে যাওয়া প্রজেক্টের ফুটেজ ব্যবহার করে অন্য নামে নিম্নমানের সিনেমা মুক্তি দিয়ে তাকে সামাজিকভাবে হেয় করা হয়েছে।

প্রযোজনা প্রতিষ্ঠানগুলো অনেক সময় শিল্পীদের সঙ্গে ‘টেলিফিল্ম’ বা ‘টিভি নাটক’-এর কথা বলে চুক্তি করে। এতে শিল্পীদের পারিশ্রমিক ও শুটিংয়ের বাজেট থাকে তুলনামূলক কম। কিন্তু কাজ শেষ হওয়ার পর প্রযোজনা প্রতিষ্ঠান সেই প্রজেক্টকে সরাসরি সিনেমা হলে মুক্তি দেয় বাণিজ্যিক লাভের আশায়।

➤➤ নাসিম সাহনিকের নতুন বিজ্ঞাপনে জেবা জান্নাত

শিল্পীরা প্রায়ই অভিযোগ করেন যে, সিনেমার জন্য যে ধরনের প্রস্তুতি, ক্যানভাস বা পারিশ্রমিক প্রয়োজন, তার কোনোটিই তাদের দেওয়া হয়নি; বরং নাটকের কথা বলে তাদের দিয়ে সিনেমার কাজ করিয়ে নেওয়া হয়েছে।

মান্নার আকস্মিক মৃত্যুর পর তার চুক্তিবদ্ধ থাকা অনেক সিনেমার কাজ অসম্পূর্ণ থেকে যায়। তখন বেশ কয়েকজন অসাধু প্রযোজক ও পরিচালক মান্নার অল্প কিছু দিনের শুটিং করা ফুটেজ ব্যবহার করে এবং বাকি পুরো সিনেমায় মান্নার ডামি (পিছন থেকে বা দূর থেকে ধারণ করা দৃশ্য) ব্যবহার করে সিনেমা মুক্তি দেন। যদিও মান্না নিজে এর প্রতিবাদ করতে পারেননি, তবে তার পরিবার, সহশিল্পী এবং দর্শকরা এই ধরনের প্রতারণার তীব্র সমালোচনা করেছিলেন।

সাম্প্রতিক হাসান জাহাঙ্গীরের ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ বিতর্ক
জেবা জান্নাতের মতো চিত্রনায়িকা মৌসুমীও পরিচালক হাসান জাহাঙ্গীরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। যুক্তরাষ্ট্রে একটি নাটকের শুটিং করার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন মৌসুমী।

কিন্তু পরে তিনি জানতে পারেন, ওই নাটকের দৃশ্যগুলো জোড়াতালি দিয়ে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নামে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে। মৌসুমী তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছিলেন, তিনি সিনেমার জন্য কোনো চুক্তি করেননি এবং তাকে অন্ধকারে রেখে এই কাজ করা হয়েছে।

সম্প্রতি প্রকাশিত সিনেমার পোস্টারে নিজের ছবি দেখে বিস্মিত হন জেবা জান্নাত। তিনি দাবি করেছেন, ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নামে কোনো সিনেমা বা নাটকে তিনি অভিনয় করেননি। এ বিষয়ে পরিচালকের কাছ থেকে সন্তোষজনক ব্যাখ্যা না পেয়ে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। পাশাপাশি টেলিভিশন অভিনয়শিল্পীদের সংগঠন অ্যাক্টরস ইকুইটিতেও করেছেন অভিযোগ।

লিখিত অভিযোগে জেবা উল্লেখ করেন, তিনি একটি একক নাটকে অভিনয়ের জন্য মৌখিকভাবে চুক্তিবদ্ধ হয়েছিলেন। সেখানে তার সহশিল্পী হিসেবে সিয়াম মৃধার থাকার কথা থাকলেও পরে পরিচালক হাসান জাহাঙ্গীরের সঙ্গে তাকে অভিনয় করানো হয়। এ বিষয়ে প্রশ্ন করলে সেটিকে ‘স্বপ্নের দৃশ্য’ বলে ব্যাখ্যা দেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি।

➤➤ অভিনেতা আলভীর স্ত্রী ইকরার আত্মহত্যার নেপথ্যে

জেবা জানাচ্ছেন, শুটিং শেষ হওয়ার অনেক পরে সামাজিক মাধ্যমে নিজের ছবিযুক্ত সিনেমার পোস্টার দেখে বিষয়টি জানতে পারেন। তার ভাষ্য, সিনেমায় কাজের বিষয়ে কোনো লিখিত বা মৌখিক চুক্তি হয়নি। বিষয়টি নিয়ে পরিচালকের সঙ্গে যোগাযোগ করলেও সন্তোষজনক জবাব পাননি।

অভিনেত্রীর দাবি, ঘটনাটি শুধু তার ব্যক্তিগত ক্যারিয়ারের নয়, বরং এটি একটি অনৈতিক কাজের বিরুদ্ধে প্রতিবাদ। ঈদের কাজের ব্যস্ততার মধ্যেও এ ঘটনায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন বলেও উল্লেখ করেন।

তবে সব অভিযোগ অস্বীকার করেছেন পরিচালক হাসান জাহাঙ্গীর। তার দাবি, পুরো বিষয়টি সম্পর্কে জেবা জান্নাত অবগত ছিলেন। এ দাবির পক্ষে কথোপকথনের একটি অডিও রেকর্ডও প্রকাশ করেছেন তিনি। যদিও চুক্তিপত্রের বিষয়ে জানতে চাইলে তিনি স্পষ্ট কোনো উত্তর দেননি। তার ভাষ্য, সরকারি অনুমোদন নিয়েই সিনেমাটি মুক্তি পাচ্ছে এবং মুক্তির আগে এমন অভিযোগ ওঠা প্রশ্ন তৈরি করছে।

এদিকে অভিনেতা সিয়াম-ও ছবিটি নিয়ে অভিযোগ তুলেছেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, সিরিয়ালের কাজের কথা বলে বিভিন্ন শিল্পীর অতিরিক্ত দৃশ্য ধারণ করা হয়েছিল, যা পরে সিনেমার ট্রেলার ও মূল ছবিতে ব্যবহার করা হয়। সংশ্লিষ্ট শিল্পীদের কেউই বিষয়টি জানতেন না বলেও অভিযোগ করেন তিনি।

➤➤ ‘ধুরন্ধর’ ৩ দিনেই স্পর্শ ১০০ কোটি রুপির মালাইফলক

বাংলাদেশের বিনোদন শিল্পে লিখিত চুক্তির চেয়ে মৌখিক কথার ওপর নির্ভরশীলতা বেশি থাকার কারণেই মূলত এ ধরনের ঘটনা বারবার ঘটে। অনেক ক্ষেত্রেই পরিচালকরা বাজেট বাঁচাতে বা সহজে সিনেমা নির্মাণের আশায় শিল্পীদের ভুল বুঝিয়ে শুটিং করান, যা পরবর্তীতে আইনি ও নৈতিক বিতর্কের জন্ম দেয়।

নিউজ নাউ বাংলা/ এফওয়াই/ জেডআরসি/ ০৯ মে ২০২৬

Related Articles

Leave a Reply

Back to top button