Leadএনএনবি বিশেষ

ডিজিটাল ফাঁদে সর্বস্বান্ত তরুণ প্রজন্ম, ‌‘ঠুঁটো জগন্নাথ’ প্রশাসন

◉ নীরব মহামারি অনলাইন জুয়া

➤➤ রাতারাতি আঙুল ফুলে কলাগাছ হওয়ার রঙিন স্বপ্নে বিভোর দেশের তরুণ সমাজ। আর তাদের এই লোভকে পুঁজি করে ডিজিটাল স্ক্রিনের আড়ালে বসে থাকা দেশি-বিদেশি চক্র প্রতিদিন হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। মাদকের চেয়েও ভয়াবহ এক ‘নীরব মহামারি’ হিসেবে আবির্ভূত হয়েছে অনলাইন জুয়া বা গ্যাম্বলিং।

একদিকে জুয়ার নেশায় পড়ে বাড়ছে চুরি, ছিনতাই, খুন ও আত্মহত্যার মতো অপরাধ; অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মেতেছে ‘এখতিয়ার’ আর ‘সীমাবদ্ধতার’ আইনি কমেডিতে। চীন-নাইজেরীয় চক্রের পাতা এই ডিজিটাল ফাঁদে পড়ে দেশের টাকা যেমন বিদেশে পাচার হচ্ছে, তেমনি ধ্বংস হচ্ছে একটি পুরো প্রজন্ম।

বিদেশি মাস্টারমাইন্ড ও দেশীয় ‘লোভী’ এজেন্ট
গোয়েন্দা সূত্রমতে, বাংলাদেশে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও মেল বেট, মোস্ট বেট, ওয়ানএক্স বেট, টুয়েন্টি টু বেট, বেট উইনার ও জেটবাজের মতো জুয়ার সাইট ও অ্যাপগুলো দেদার চলছে। ক্যাসিনো থেকে শুরু করে স্পোর্টস বেটিং—সবই চলছে প্রকাশ্য চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে।

এই বিশাল সাম্রাজ্যের কলকাঠি নাড়ছে মূলত চীন ও নাইজেরিয়ার নাগরিকরা। এদের একাংশ ঢাকা শহরে বসেই নেটওয়ার্ক চালাচ্ছে, বাকিরা দুবাই, সিঙ্গাপুর বা যুক্তরাজ্য থেকে রিমোট কন্ট্রোলে জুয়ার আসর বসাচ্ছে।

◉ সেই পুরনো লাঠিয়াল ও নিপীড়কের ভূমিকাতেই বন্দি পুলিশ!

এই বিদেশিদের এদেশীয় দোসর হিসেবে কাজ করছে একশ্রেণির লোভী এজেন্ট। মাত্র ১৪ থেকে ২০ শতাংশ কমিশনের লোভে তারা দেশের টাকা বিদেশিদের হাতে তুলে দিচ্ছে। আর এই বিশাল লেনদেনের সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে দেশের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) কিছু অসাধু কর্মী।

আইনশৃঙ্খলা বাহিনীর ‘এখতিয়ার’ নামক প্রহসন
প্রতিদিন কোটি কোটি টাকা পাচার হলেও আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর ‘অসহায়ত্ব’ দেখার মতো। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিবি সাইবার ইউনিটের যুগ্ম পুলিশ কমিশনার সৈয়দ হারুন অর রশীদ জানান, তারা জুয়া প্রতিরোধে কাজ করছেন ঠিকই, কিন্তু মানি লন্ডারিংয়ের অংশটা তাদের তফসিলভুক্ত না হওয়ায় তারা তদন্ত করতে পারছেন না। অর্থাৎ, জুয়াড়িরা টাকা পাচার করছে জেনেও আইনি গ্যাঁড়াকলে ডিবি নীরব দর্শক।

অন্যদিকে, মানি লন্ডারিং তদন্তের একমাত্র দাবিদার সিআইডি বলছে, জুয়ার বিস্তার এতই বেশি যে তাদের একার পক্ষে সব তদন্ত করা সম্ভব নয়। সিআইডির প্রধান (ভারপ্রাপ্ত) ডিআইজি আলি আকবর খান চরম সত্যটি স্বীকার করে বলেছেন, অনলাইন জুয়া একটি আন্তর্জাতিক চক্রের অংশ হওয়ায় “মূল জায়গায় হাত দেওয়া যাচ্ছে না।” বিটিআরসিকে দিয়ে কিছু সাইট বন্ধ আর চুনোপুঁটি কয়েকজনকে গ্রেফতার করেই দায়িত্ব সারছে প্রশাসন। মূল চক্র তাই ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে।

খুনোখুনিতে রূপ নিচ্ছে জুয়ার হার-জিত
জুয়ার এই বিষবাষ্প কেবল অর্থনীতিতেই সীমাবদ্ধ নেই, তা রক্তক্ষয়ী রূপ নিয়েছে সমাজে। গত ১ মে কুমিল্লার বরুড়ায় জুয়া খেলা নিয়ে বিরোধের জেরে বন্ধুদের ধারালো অস্ত্রের আঘাতে খুন হয় ১৬ বছরের কিশোর রাকিব হোসেন।

এর রেশ কাটতে না কাটতেই ২৬ মে রাজধানীর কামরাঙ্গীরচরে অনলাইন জুয়ায় আসক্ত মাহবুব তার স্ত্রী আকলিমাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। জুয়ার টাকা জোগাড় করতে গিয়ে তরুণেরা আজ খুন বা ডাকাতি করতেও পিছপা হচ্ছে না।

অ্যালগরিদমের ফাঁদ: ‘হাউস অলওয়েজ উইনস’
অনলাইন জুয়া এমনভাবে ডিজাইন করা যে, এখানে খেলোয়াড়ের জেতার কোনো সুযোগই নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ তানভীর রহমান জানান, এই নেশা মাদকের চেয়েও ভয়ংকর। এটি মানুষের মস্তিষ্কের ‘প্লেজার সেন্টার’ বা আনন্দের কেন্দ্রটিকে পুরোপুরি দখল করে নেয়।

জুয়ার সফটওয়্যারগুলো পরিকল্পিতভাবে এমনভাবে তৈরি করা হয়, যাতে মাঝে মাঝে খেলোয়াড় কিছুটা জেতে। এতে তার মনে ‘রিকভারি মোটিভেশন’ কাজ করে—সে ভাবে, আগের হারানো টাকা এবার হয়তো তুলে আনা যাবে। কিন্তু দিন শেষে অ্যালগরিদমের ফাঁদে পড়ে সে নিঃস্ব হয়, আর লাভবান হয় সেই বিদেশি ক্যাসিনো মালিকরা।

◉ ‘পিপিএফ’ নামে আত্মপ্রকাশ হচ্ছে র‌্যাবের

দুর্বল আইন, প্রশাসনের এখতিয়ার নিয়ে দড়ি টানাটানি আর প্রযুক্তিগত অক্ষমতার সুযোগ নিয়ে বিদেশি চক্রগুলো বাংলাদেশকে একটি বিশাল ‘ক্যাসিনো’ বানিয়ে ফেলেছে। এই নীরব মহামারি ঠেকাতে যদি এখনই কঠোর ও সমন্বিত আইনি পদক্ষেপ না নেওয়া হয়, তবে অচিরেই দেশের অর্থনীতি এবং যুবসমাজ—উভয়কেই খাদের কিনারায় গিয়ে দাঁড়াতে হবে।

নিউজ নাউ বাংলা/এফওয়াই/ জেডআরসি/ ‌১৮ জুন ২০২৬

Related Articles

Leave a Reply

Back to top button