
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিজ হাতে গুলি করে হত্যা করা খুনি রিসালদার মোসলেউদ্দিন ভারতে আটক হওয়ার পর তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমন তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার সন্ধ্যায় কোনও একটি সীমান্তের স্থলবন্দর দিয়ে মোসলেউদ্দিনকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়। জানা গেছে, বঙ্গবন্ধুর খুনি মোসলেউদ্দিন পশ্চিমবঙ্গের বনগাঁওয়ে এটি হারবাল ওষুধের দোকান চালাতেন। সেখানেই ভারতীয় বিশেষ সংস্থা অভিযান চালিয়ে তাকে আটক করে।
এ নিয়ে নানা আলোচনা চলতে থাকলেও বাংলাদেশের পক্ষ থেকে নিশ্চিত করে কিছু বলা হয়নি। পররাষ্ট্রমন্ত্রণালয় থেকে বলা হচ্ছিল, বিষয়টি নিয়ে ভারতের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
তবে মঙ্গলবার (২১ এপ্রিল) ভারতের দুটি প্রভাবশালী গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে, মোসলেউদ্দিনকে বাংলাদেশের হাতে তুলে দেয়া হয়েছে। সীমান্তের কোনো একটি স্থলবন্দর দিয়ে আগের দিন (২০ এপ্রিল) ভারত কর্তৃপক্ষ তাকে বাংলাদেশের হাতে হস্তান্তর করেছে।
ভারতের সংবাদভিত্তিক টিভি চ্যানেল এনডিটিভির খবরে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশে সম্প্রতি ফাঁসি কার্যকর হওয়া বঙ্গবন্ধুর খুনি আবদুল মাজেদই আরেক খুনি মোসলেউদ্দিনের অবস্থান সম্পর্কে তথ্য জানিয়েছিলেন।
এনডিটিভি জানায়, মোসলেউদ্দিনের ছবি এবং ভিডিও প্রকাশিত হলে তাতে কিছু বিভ্রান্তি দেখা দেয়। ওই ছবি প্রকাশের পর বিভিন্ন সূত্র দাবি করেছিল, মোসলেউদ্দিন কয়েক বছর আগে মারা গেছেন। তবে এনডিটির খবরে বলা হয়েছে, মোসলেউদ্দিনকে সোমবার সন্ধ্যায় একটি স্থলসীমান্ত দিয়ে বাংলাদেশের হাতে তুলে দেয়া হয়েছে। আর ভারতের শীর্ষ গোয়েন্দা সংস্থা অভিযান পরিচালনা করায় পশ্চিমবঙ্গ পুলিশ সে সম্পর্কে কিছুই জানতে পারেনি।



