শাহরুখপুত্রকে ফাঁসানো হয়েছে, দাবি মহারাষ্ট্রের মন্ত্রীর

ভারতে মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিকের দাবি, মাদককাণ্ডে আরিয়ান খান ধরা পড়ার পর থেকেই শাহরুখ খান পুত্রকে ফাঁসানো হয়েছে। সেসঙ্গে তিনি অভিযোগ করেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) এবং এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে। খবর: আনন্দবাজার।
সর্বভারতীয় এক সাংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে, এনসিপি নেতা তথা মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক এবার হুঁশিয়ারির ঢঙে ভবিষ্যদ্বাণীও করলেন যে, ওয়াংখেড়ে তার চাকরি খোয়াবেন।
তিনি বলেন, আন্তঃরাজ্য এবং আন্তর্জাতিক মাদক চক্র ধরাই এনসিবির কাজ। সামান্য পরিমাণ মাদক সংক্রান্ত বিষয়গুলি দেখা পুলিশের এখতিয়ারের মধ্যেই পড়ে। তিনি আরো জানান, এনসিবি গত ৩৫ বছরে এ ধরনের কোনো কাজ করেনি।
নবাব মালিক বলেন, এ ধরনের কাজ করে, মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করছে এনসিবি ।
ওয়াংখেড়ের বিরুদ্ধে তথ্যপ্রমাণও হাতে রয়েছে বলে দাবি করেন তিনি। ওয়াংখেড়ের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত করা হবে জানিয়ে মহারাষ্ট্রের এ মন্ত্রী বলেন, ঘুষচক্রের বিষয়টি প্রকাশ্যে আসবে।
এদিকে, ইতিমধ্যে ওয়াংখেড়ের বিরুদ্ধে এই মামলায় ২৫ কোটি ঘুস নেওয়ার অভিযোগ উঠেছে।



