বাংলাদেশ

করোনা ‘নেগেটিভ সার্টিফিকেটধারী’ সাংসদদের অংশগ্রহণে সংসদের দ্বাদশ অধিবেশন শুরু

করোনাকালীন যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এবং করোনা ‘নেগেটিভ সার্টিফিকেটধারী’ সাংসদদের অংশগ্রহণে শুরু হয়েছে একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন।

বৃহস্পতিবার (১ এপ্রিল) বেলা ১১টায় এ অধিবেশন শুরু হয়েছে। তবে করোনার প্রাদুর্ভাব বাড়তে থাকায় এবারের অধিবেশনের সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিকদের প্রবেশাধিকার নিষিদ্ধ করা হয়েছে।

গত ২৮ মার্চ সংসদ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের উদ্দেশ্যে জানানো হয়েছে, আপনারা দীর্ঘদিন যাবত জাতীয় সংসদে উপস্থিত থেকে দায়িত্বশীলতার সঙ্গে সংসদ অধিবেশন কাভার করে আসছেন। কিন্তু করোনার কারণে উদ্ভূত পরিস্থিতিতে এবারের অধিবেশনে মিডিয়া কাভারেজের লক্ষ্যে সাংবাদিকদের প্রবেশাধিকার থাকছে না।

সাংবাদিকদের বাংলাদেশ টেলিভিশন, সংসদ বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার থেকে ফিড নিয়ে জাতীয সংসদের কার্যক্রমের প্রতিবেদন করার অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

সংবিধানের বিধান মতে, সংসদের দুটি অধিবেশনের মধ্যে ৬০ দিনের বেশি বিরতি থাকার সুযোগ নেই। ফলে ২ ফেব্রুয়ারি একাদশ অধিবেশন শেষ হওয়ার ৫৭ দিন পর আজ বসছে দ্বাদশ অধিবেশন।

Related Articles

Leave a Reply

Back to top button