ইকোবিজ

তিন দিনের জুয়েলারি এক্সপো শুরু বৃহস্পতিবার

বৃহস্পতিবার (১৭ মার্চ) শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ জুয়েলারি এক্সপো ২০২২।

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) ১, ২ ও ৩ নম্বর হলে চলবে এই আয়োজন।

দেশের ঐতিহ্যবাহী বাণিজ্য সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) আয়োজনে এই মেলা চলবে ১৭ থেকে ১৯ মার্চ পর্যন্ত, যা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সকল ক্রেতা-দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

এর মধ্যে মেলায় আগত দর্শনার্থীদের জন্য ১০ লাখ টাকার প্রথম পুরস্কার ছাড়াও থাকবে আর্কষণীয় সব উপহার, যেখানে র‌্যাফেল ড্রর মাধ্যমে নির্বাচিত হবেন বিজয়ীরা।

অর্থনৈতিক খাতের উন্নয়নের অগ্রযাত্রা গতিশীল করতে দেশের ইতিহাসে প্রথমবারের মতো জুয়েলারি এক্সপো আয়োজনের কথা জানিয়েছে বাজুস।

বুধবার (১৬ মার্চ) গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানিয়েছে, আগামী ১৭ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে দর্শনার্থী ও ক্রেতারা মেলায় প্রবেশ করতে পারবেন। তিন দিনের এই এক্সপোতে দুই লাখেরও বেশি দর্শনার্থী এবং ক্রেতার সমাগম ঘটবে বলে আশা করছেন আয়োজকরা।

এ দেশের স্বর্ণ শিল্পীদের হাতে গড়া নিত্য নতুন ডিজাইনের অলংকারের পরিচিতি ঘটাতে জুয়েলারি এক্সপোতে দর্শনার্থী ও ক্রেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে।

বাজুস জানিয়েছে, হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দুঃসাহসিক এক অভিযাত্রায় সহযাত্রীদের সঙ্গে নিয়ে দেশের অর্থনৈতিক খাতের উন্নয়নের অগ্রযাত্রায় যোগ দিতে বাজুস এই প্রথম জুয়েলারি এক্সপোর আয়োজন করেছে।

এছাড়াও বাংলাদেশ জুয়েলারি এক্সপো ২০২২ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-৪১ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছেন আয়োজকরা।

Related Articles

Leave a Reply

Back to top button