রাজধানীর বাড্ডা এলাকায় ট্রাফিক পুলিশের সিগন্যাল পেয়ে একটি প্রাইভেটকার ফেলে পালিয়ে যান চালক। পরে গাড়িটির ব্যাগডালা তল্লাশি করে পাঁচটি বস্তায় রাখা প্রায় ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনার পর মাদকগুলো জব্দ করে বাড্ডা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বুধবার (৮ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশের সার্জেন্ট দেবু বড়ুয়া।
তিনি জানান, সকাল ১০টার দিকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে একটি নিশান মডেলের প্রাইভেটকার (ঢাকা মেট্রো-ঘ-১১-৫৩১৭) বেপরোয়া গতিতে চলাচল করছিল। সন্দেহজনকভাবে গাড়িটি চলতে দেখে থামার সংকেত দেন ট্রাফিক পুলিশ। সিগন্যাল পেয়ে চালক গাড়ি থামালেও মুহূর্তের মধ্যে সেটি রেখে দৌড়ে পালিয়ে যান।
পরে গাড়িটি তল্লাশি করে ব্যাগডালার ভেতর সাদা রঙের পাঁচটি বস্তা পাওয়া যায়। বস্তাগুলো খুলে প্রায় ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
সার্জেন্ট দেবু বড়ুয়া বলেন, উদ্ধার হওয়া গাঁজা এবং গাড়িটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাড্ডা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি কার্যক্রম থানা পুলিশ পরিচালনা করবে।



