বাংলাদেশবিশ্ব

শ্রীলংকার মতো ঝুঁকিতে আরও অনেক দেশ, তালিকায় নেই বাংলাদেশ

বার্তা সংস্থা রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীলংকার মতো অর্থনৈতিক সংকটের মুখে রয়েছে, বিশ্বের ডজেনখানেক দেশ।

তালিকায় থাকা দেশগুলো হলো, আর্জেন্টিনা, ইউক্রেন, তিউনিসিয়া, ঘানা, মিসর, কেনিয়া, ইথিওপিয়া, এল সালভাদর, পাকিস্তান, ইকুয়েডর, বেলারুশ ও নাইজেরিয়া। তবে তালিকায় নেই বাংলাদেশ।

রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ঋণ পরিশোধে ব্যর্থ হতে পারে এমন দেশের তালিকায় প্রথমেই রয়েছে আর্জেন্টিনা। দেশটির বৈদেশিক ঋণ প্রায় ১৫০ বিলিয়ন ডলার। তালিকায় দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে মিসর এবং ইকুয়েডর। দেশ দুটোর ঋণ যথাক্রমে ৪৫ বিলিয়ন ও ৪০ বিলিয়ন ডলার।

তবে অনেক অর্থনীতিবিদের আশা, এই তালিকার অনেক দেশই ডিফল্টার হওয়া থেকে রক্ষা পেতে পারে। তবে সে জন্য প্রধান শর্ত দুটো। দ্রুত বিশ্ব বাজার স্থিতিশীল হতে হবে এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ ও বিশ্বব্যাংকের এগিয়ে আসতে হবে।

আর্জেন্টিনা দেশটি যেকোনো সময় ঋণখেলাপিতে নাম লেখাতে পারে। নিজস্ব মুদ্রা পেসো এখন কালোবাজারে প্রায় ৫০ শতাংশ ছাড়ে কেনাবেচা হচ্ছে। বৈদেশিক মুদ্রা কমেছে মারাত্মকভাবে। বন্ডের অবস্থাও খারাপ। ২০২৪ সাল পর্যন্ত পরিষেবার জন্য সরকারের কোনো উল্লেখযোগ্য ঋণও নেই।

যুদ্ধের কারণে বিশ্বের অন্যতম খাদ্যশস্য রপ্তানিকারক দেশ বলে পরিচিত ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানি বন্ধ হয়ে গেছে। যুদ্ধের ব্যয় বহন, রপ্তানি কমে যাওয়ায় দেশটিও ডিফল্টারের তালিকায় পড়ার সমূহ আশঙ্কা রয়েছে। তবে, সম্প্রতি রপ্তানি চালুর বিষয়ে রাশিয়া-ইউক্রেনের আলোচনা এই বিষয়ে অবশ্য নতুন করে আশার আলো দেখাচ্ছে। যুদ্ধবিধ্বস্ত দেশ গঠনেও দেশটির বেশ অর্থের প্রয়োজন হতে যাচ্ছে।

আইএমএফের ভাষ্যমতে আফ্রিকার বেশ কয়েকটি ঝুঁকির মধ্যে থাকলেও তিউনিসিয়ার অবস্থাই সবচেয়ে বেশি আশঙ্কাজনক। দেশটির বাজেটে ঘাটতি, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাকি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, প্রেসিডেন্টের ক্ষমতা কুক্ষিগতকরণ ইত্যাদি কারণে দেশটিতে জনরোষ ক্রমেই বাড়ছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের প্রধান মারওয়ান আব্বাসির মতে, এ মুহূর্তে আইএমএফের সহায়তাই দেশটিকে বিপর্যয় থেকে রক্ষা করতে পারে।

আফ্রিকার আরেক দেশ ঘানার অবস্থাও ভয়াবহ। বৈদেশিক ঋণের পরিমাণ দেশটির মোট দেশজ উৎপাদন-জিডিপির ৮৫ শতাংশেরও বেশি ছাড়িয়ে গেছে। মূল্যস্ফীতির পরিমাণ ৩০ শতাংশ। ফলে দেশটিও যে শ্রীলঙ্কার পথেই হাঁটছে সেটা সহজেই অনুমেয়।

মিসরের অবস্থা ঘানার চেয়েও ভয়াবহ। দেশটির বৈদেশিক ঋণ জিডিপির ৯৫ শতাংশেরও বেশি। সবচেয়ে আশঙ্কার বিষয় হলো দেশটিতে চলতি বছরে প্রায় ১১ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করতে হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান জেপি মরগান। আরও একটি বৈশ্বিক বিনিয়োগকারী প্রতিষ্ঠানের বরাত দিয়ে রয়টার্স বলছে, আগামী ৫ বছরে মিসরকে নগদ অর্থে প্রায় ১০০ বিলিয়ন ডলার শোধ করতে হবে।

দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানের অবস্থাও এরই মধ্যে বেশ নাজুক হয়ে উঠেছে। দেশটির মুদ্রা ব্যাপকভাবে অবমূল্যায়িত হয়েছে। খাদ্য, জ্বালানিসহ প্রয়োজনীয় আমদানির তুলনায় রপ্তানি একেবারেই কম। দেশটির ইতিহাসে বর্তমানে সবচেয়ে কম; ৯ দশমিক ৮ বিলিয়ন ডলারে নেমেছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। দেশটির মোট রাজস্বের ৪০ শতাংশেরও বেশি ব্যয় করতে হয় ঋণ পরিশোধে। ফলে দেশের জন্য বাকি থাকে সামান্যই।

কেনিয়া, ইথিওপিয়া, এল সালভাদরের অবস্থা একই রকম। দারিদ্র্যপীড়িত এই দেশগুলোতে মূল্যস্ফীতি, বৈদেশিক ঋণের বোঝা বিশাল। সেই তুলনায় দেশগুলোর রপ্তানিমুখী উৎপাদন নেই বললেই চলে। কিন্তু দেশগুলোর সরকার চটকদার উন্নয়ন দেখাতে গিয়ে অনুৎপাদনশীল খাতে ব্যয় করায় তা বুমেরাং হয়ে দাঁড়িয়েছে। তাই দেশগুলো যেকোনো সময় ঋণখেলাপিতে পরিণত হতে পারে। খবর: রয়টার্স।

Related Articles

Leave a Reply

Back to top button