বিধিনিষেধ না মানলে লকডাউন: স্বাস্থ্যমন্ত্রী

করোনার সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়েই চলছে। এ অবস্থায় সরকারের দেয়া ১১ দফা বিধিনিষেধ না মানলে দেশের অবস্থা ভয়াবহ হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বলেন, লকডাউন দিলে দেশের অনেক ক্ষতি হবে। আমরা সেদিকে যেতে চাই না, তাই সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন। আর বিধিনিষেধ না মানলে লকডাউন দেয়া হবে।
শনিবার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ডায়ালাইসিস ইউনিট ও সিটি স্ক্যান মেশিন উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, বাণিজ্য মেলাসহ অনেক স্থানেই যথাযথভাবে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। এটা খুবই উদ্বেগজনক। নিজের জন্য, দেশের জন্য স্বাস্থ্যবিধি মানতে হবে। মাস্ক পরার কোনো বিকল্প নেই। মাস্ক পরতে হবে যাতে আমরা সংক্রমিত না হই।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রতিদিন আড়াই হাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে, তবে সেখানে ৩০০ জন হাসপাতালে ভর্তি হচ্ছে। এর মধ্যে শতকরা এক ভাগ লোকের আইসিইউ প্রয়োজন হচ্ছে। এই মুহূর্তে এটিও আশঙ্কাজনক। এইভাবে সংক্রমণ ও রোগী বাড়তে থাকলে হাসপাতfলগুলোতে জায়গা থাকবে না। কাজেই আমাদের সতর্ক হতে হবে।
এর আগে গত ১০ জানুয়ারি ওমিক্রনের প্রাদুর্ভাব ও দেশে এ রোগের সংক্রমণ পরিস্থিতি মোকাবেলায় ১৩ জানুয়ারি ২০২২ তারিখ থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সার্বিক কার্যাবলি/চলাচলে ১১ দফা বিধিনিষেধ দেয়া হয়।



