বাংলাদেশ: শক্তির সংঘাতে কৌশলগত রাষ্ট্র

‘থুসিডাইডস্ ট্র্যাপ’। আপনি হয়তো প্রথম শুনেছেন এই ফাঁদের কথা, কিন্তু আপনি আমি এই ফাঁদে পড়ছি বারবার। সহজ করে বললে, একটি প্রতিষ্ঠিত শক্তি ও একটি উদীয়মান শক্তির মধ্যে অনিবার্য সংঘাতের ঝুঁকি যখন বেড়ে যায়, তখন তার সাথে সম্পৃক্ত গোষ্ঠী ও সম্প্রদায় এই ফাঁদে পড়েন।
হার্ভার্ডের অধ্যাপক গ্রাহাম অ্যালিসন ঐতিহাসিক থুসিডাইডস্-এর নামানুসারে রাষ্ট্রবিজ্ঞানের সাথে এই ফাঁদের পরিচয় করিয়েছেন। এখন দেখা যাক, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে তিন পরাশক্তির সংঘাতে কিভাবে আমরা বাংলাদেশিরা এই ফাঁদে আটকা পড়েছি।
বিশ্বমঞ্চের নতুন ঠিকানা
গত এক দশকে বিশ্বরাজনীতির নাট্যমঞ্চ বদলে গেছে। ইউরোপ কিংবা মধ্যপ্রাচ্য এখন আর আলোচনার একমাত্র কেন্দ্রবিন্দু নয়। এখন সব আলো এসে পড়েছে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের ওপর অর্থাৎ আমাদের এই বাড়ির উঠোনে। কেন এমন হলো? কারণ, বিশ্ববাণিজ্যের ৬০ শতাংশের বেশি মালামাল এই পথ দিয়েই আনা-নেওয়া হয়। সোজা কথায়, যে এই সমুদ্রপথ নিয়ন্ত্রণ করবে, আগামী দিনের পৃথিবী তার পকেটে থাকবে।
আমেরিকা বনাম চীন
এখানেই সেই ‘থুসিডাইডস ট্র্যাপ’-এর বাস্তব খেলা। আমেরিকা বলছে, ‘আমি এই সমুদ্রের পাহারাদার, নিয়ম আমার মতোই চলবে।’ আর চীন বলছে, ‘দিন বদলেছে, আমিও এখন শক্তিশালী। নিয়ম বদলাতে হবে।’ চীন তার ‘বেল্ট অ্যান্ড রোড’ দিয়ে রাস্তা বানাচ্ছে, বন্দর কিনছে। হাম্বানটোটা বা গওয়াদর বন্দরের দিকে তাকালে বোঝা যায়, এগুলো শুধু ব্যবসার জন্য নয়, ভবিষ্যতের যুদ্ধের প্রস্তুতিও বটে।
বাংলাদেশের অবস্থান
এই দুই দৈত্যের মাঝখানে বাংলাদেশ কি শুধুই একটা ছোট দেশ? মোটে-ও না। মানচিত্রের দিকে তাকালে দেখবেন, বঙ্গোপসাগরের ঠিক মাথায় আমরা বসে আছি। দক্ষিণ এশিয়া আর দক্ষিণ-পূর্ব এশিয়ার সংযোগস্থলে। একে বলে ‘কৌশলগত লিভারেজ পয়েন্ট’ বা ‘চোকপয়েন্ট’। পূর্ব এশিয়া থেকে মধ্যপ্রাচ্য বা ইউরোপে যাওয়ার জাহাজগুলোকে আমাদের সামনে দিয়েই যেতে হয়। এই ভৌগোলিক বাস্তবতাই আমাদের গুরুত্ব বাড়িয়ে দিয়েছে হাজার গুণ।

বন্দর যখন দাবার গুটি
চট্টগ্রাম, পায়রা কিংবা মাতারবাড়ি বন্দর এখন আর শুধু জাহাজ ভেড়ানোর ঘাট নয়। এগুলো হলো আঞ্চলিক লজিস্টিক হাব। ভারতের উত্তর-পূর্বাঞ্চল কিংবা দক্ষিণ এশিয়ার স্থলবেষ্টিত দেশগুলোর জন্য এই বন্দরগুলো শ্বাস নেওয়ার জানালার মতো। চীন এখানে টাকা ঢালছে নিজের বাণিজ্যের স্বার্থে, আর আমেরিকা ও তার মিত্ররা (যেমন ভারত) চাইছে এই বন্দরগুলো যেন চীনের ঘাঁটি না হয়ে ওঠে। আমরা আছি দুই পক্ষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে।
সমুদ্রের নীল অর্থনীতি ও সাবমেরিন
বাংলাদেশের অর্জিত সমুদ্রসীমা এখন ১ লক্ষ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটার। এখানে আছে প্রাকৃতিক গ্যাস, অফুরন্ত মৎস্য সম্পদ আর খনিজ পদার্থের বিশাল সম্ভাবনার হাতছানি। একে বলে ব্লু ইকোনমি বা ‘নীল অর্থনীতি’। কিন্তু সম্পদ থাকলে বিপদ আসবেই।
এই সম্পদ রক্ষায় পূর্বপ্রস্তুতির অংশ হিসেবে ‘লাঠি’ শক্ত রাখতে হয়। বাংলাদেশ নৌবাহিনী যে সাবমেরিন কিনেছে বা আধুনিক হচ্ছে, তা কাউকে ভয় দেখানোর জন্য নয়। এটাকে বলে ‘ডিটারেন্স’ বা সমীহ জাগানো। বাংলাদেশ বিশ্বকে যে বার্তাটি দিচ্ছে সেটি হচ্ছে, ‘আমরা শান্তি চাই, কিন্তু আমাদের জলসীমায় কেউ অনধিকার চর্চা করলে আমরা বসে থাকবো না।’
সতর্ক কৌশলে বাংলাদেশ
বাংলাদেশ কি আমেরিকার ‘কোয়াড’ জোটে যাবে? নাকি চীনের দলে ভিড়বে? বাংলাদেশ এখানে খুব চালাক খেলোয়াড়। ‘সবার সাথে বন্ধুত্ব’ নীতি নিয়ে চলছে। আমেরিকার সঙ্গে নিরাপত্তা আর চীনের কাছ থেকে উন্নয়নের টাকা নিচ্ছে। এটাকে নিরপেক্ষতা বললে ভুল হবে, এটা হচ্ছে ‘ভারসাম্যপূর্ণ হিসাব’। নিজের স্বার্থটা ষোলআনা বুঝে নেওয়া।
ইন্দো-প্যাসিফিকের এই লড়াই ভবিষ্যতে আরও জোরালো হবে। এতদিন ভূরাজনীতি ছিল পত্রিকার পাতার খবর, এখন তা আমাদের চাল-ডালের দাম, জ্বালানি নিরাপত্তা আর জাতীয় সার্বভৌমত্বের সঙ্গে মিশে গেছে।
বাংলাদেশ এখন আর মানচিত্রের কোণঠাসা কোনো দেশ নয়, ইন্দো-প্যাসিফিক অঞ্চলের ভরকেন্দ্র। এই গুরুত্ব ধরে রাখাটাই আসল চ্যালেঞ্জ। বাংলাদেশ কি দর্শকের গ্যালারিতে বসে থাকবে, নাকি নিজেদের শর্তে মাঠে খেলবে—সেই সিদ্ধান্ত নেওয়ার সময় এখনই। সূত্র: নবোদয়



