বাংলাদেশ

দেশবাসীকে ঘরে বসে ঈদ আনন্দ উপভোগ করার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, দেশবাসীকে ঘরে বসে ঈদের আনন্দ উপভোগ করার আহ্বান জানিয়েছেন । একইসঙ্গে তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

সোমবার (২৫ মে) ঈদুল ফিতরের জামাতে অংশগ্রহণ শেষে দেশবাসীর উদ্দেশে দেওয়া শুভেচ্ছা বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি বঙ্গভবনের দরবার হলে সীমিত পরিসরে অনুষ্ঠিত ঈদের জামাতে অংশ নেন। সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত ঈদের জামাতে রাষ্ট্রপতির পরিবারের সদস্য এবং বঙ্গভবনের একান্ত প্রয়োজনীয় কর্মকর্তা অনুসারীরা অংশ নেন।

রাষ্ট্রপতি দেশবাসীসহ বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর অপার খুশি আর আনন্দের বারতা নিয়ে পালিত হচ্ছে ঈদুল ফিতর।

ঈদের দিনটি বড়ই আনন্দের ও খুশির উল্লেখ করে তিনি বলেন, ঈদের এ আনন্দ ছড়িয়ে পড়ে সবার মাঝে, গ্রামগঞ্জে, সারাবাংলায়, সারাবিশ্বে। কিন্তু এবার এমন একটা সময়ে আমরা ঈদুল ফিতর উদযাপন করছি, যখন সারাবিশ্ব কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণে বিপর্যস্ত। বাংলাদেশেও করোনাভাইরাসের সংক্রমণ ক্রমান্বয়ে বেড়ে চলছে। এ সময়ে করোনাভাইরাস প্রতিরোধে যথাযথ সামাজিক দায়িত্ব পালন খুবই গুরুত্বপূর্ণ। ঈদের আনন্দ করতে গিয়ে আমরা যেন এমন কিছু না করি, যা নিজের ও অপরের জন্য বিপদ ডেকে আনতে পারে। তাই আসুন, ঘরে বসেই আমরা ঈদের আনন্দ উপভোগ করি এবং আমাদের চারপাশে যেসব অসহায় মানুষ আছে, তাদের সহায়তায় এগিয়ে আসি। নিজে স্বাস্থ্যবিধি মেনে চলি এবং অন্যকেও স্বাস্থ্যবিধি মেনে চলতে উৎসাহিত করি।

সম্প্রতি আঘাত হানা ঘূর্ণিঝড় আম্পানের প্রসঙ্গ টেনে রাষ্ট্রপতি বলেন, ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ তাদের সহায়-সম্বল হারিয়ে অনিশ্চয়তার মাঝে দিনাতিপাত করছে। সরকার ইতোমধ্যে দরিদ্র ও অসহায় মানুষের জন্য জরুরিভিত্তিতে খাদ্য সহায়তা ও নগদ অর্থসহ বিভিন্ন সহায়তা দিয়ে যাচ্ছে।

শুভেচ্ছা বক্তব্যে রাষ্ট্রপতি মহামারি করোনা ও ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তিনি নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি এবং আক্রান্ত ও আহতদের আশু আরোগ্য কামনা করেন।

এসময় তিনি দুর্যোগে দেশের বিত্তবান ও স্বচ্ছল ব্যক্তিবর্গকে তাদের সামর্থ্য অনুযায়ী দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

Related Articles

Leave a Reply

Back to top button