ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা

দেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৪৮ সালের আজকের দিনে প্রতিষ্ঠিত এ সংগঠনটি নানা অর্জন, আলোচনা-সমালোচনার মধ্যে পার করলো বাহাত্তরটি বছর।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনের বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। কর্মসূচির মধ্যে রয়েছে, দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, কেক কাটা, শীতবস্ত্র ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ, আলোচনা সভা ও স্বেচ্ছায় রক্তদান প্রভৃতি।
রোববার (৩ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এসব কর্মসূচির বিষয়ে জানিয়েছেন ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে।
সোমবার (০৪ জানুয়ারি ) সকালে ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ধানমন্ডিস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে শ্রদ্ধা নিবেদনে অংশ নেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
১৯৪৮ সালের ৪ জানুয়ারি পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ গঠন করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সংগঠনটি জন্মলগ্ন থেকে মা-মাটি ও মানুষের কল্যাণে আন্দোলন-সংগ্রাম করে যাচ্ছে। প্রতিষ্ঠার পর ১৯৪৮ সালে ছাত্রলীগ বাংলা ভাষার প্রশ্নে আন্দোলনের মধ্য দিয়ে জয়যাত্রা শুরু করে।
বাংলাদেশ ছাত্রলীগ তার দীর্ঘ রাজনৈতিক পথ পরিক্রমায় ৫২ ভাষা আন্দোলন, ৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনে বাঙালির পক্ষে গণরায় আদায়,৫৮ সালে জেনারেল আইয়ূব বিরোধী আন্দোলন, ৬২ সালের শিক্ষা আন্দোলন, ৬৬ সালে বাঙালির মুক্তির সনদ ৬ দফার পক্ষে গণজোয়ার সৃষ্টি, ১৯৬৯ সালের ঐতিহাসিক গণঅভ্যূত্থানের মাধ্যমে আইয়ূব সামরিক জান্তার কবল থেকে বঙ্গবন্ধুকে মুক্তি।
৭০ সালের নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় ও ৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে লালসবুজের বিজয় অর্জনেও অগ্রণী ভূমিকা পালন করে ছাত্রলীগ।
এছাড়াও ১৯৭৫ সালে ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করার পর কালবিলম্ব না করে আন্দোলনে অবতীর্ণ হয় ছাত্রলীগ। ১৯৮২ সালে এরশাদ সামরিক শাসনের বিরুদ্ধে ছাত্রলীগই প্রথম আন্দোলনের সূত্রপাত করে। ১৯৯০ সালে এরশাদ পতনে ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে স্বাস্থ্যবিধি মেনে দলের স্বল্পসংখ্যক সদস্যের প্রতিনিধিদল টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। সকাল ৯ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণে কেক কাটেন। এছাড়াও বিকাল ৩ টায় কৃষিবিদ ইন্সটিটিউটে আলোচনা সভা করবে সংগঠনটি।



