বাংলাদেশ

ভ্যাকসিন রফতানিতে ভারতের নিষেধাজ্ঞা

অক্সেফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকা কোম্পানির যৌথ উদ্যোগে তৈরি করোনা ভাইরাসের ভ্যাকসিনের চূড়ান্ত অনুমোদন দেয়ার পর আগামী কয়েক মাসের জন্য রফতানি অনুমতি বন্ধ ঘোষণা করেছে ভারত সরকার। তবে ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি থাকার পরও ভ্যাকসিন আমদানিতে বাংলাদেশকে এই নিষেধাজ্ঞার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

এ পরিস্থিতিতে টিকা পেতে বাংলাদেশকে সম্ভবত আরও কয়েক মাস অপেক্ষা করতে হবে। আর সেটা কত দিন তা-ও প্রায় অনিশ্চিত। দেশজুড়ে করোনা সংক্রমণের যখন মহামারি তখন ভ্যাকসিন আমদানিতে ভারতের ওপর নির্ভরতায় নতুন করে বিড়ম্বনার মুখে পড়তে হচ্ছে বাংলাদেশকে।

সোমবার সকালে দেশের একাধিক বেসরকারি টিভি চ্যানেলে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের উদ্ধৃতি দিয়ে বলা হচ্ছে, টিকা রফতানিতে নিষেধাজ্ঞার বিষয়টি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের জানা নেই। স্বাস্থ্য মন্ত্রণালয় চাইলে দিল্লির সঙ্গে কথা বলবে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের চিফ অপারেটিং অফিসার রাব্বুর রেজা গণমাধ্যমকে বলেন, ‘আমাদের কাছে এখনও এ বিষয়ে কোনও আপডেট নেই। আমরা ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে এ বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলে জানাতে পারবো।’

চুক্তি থাকার পরও ভ্যাকসিন রফতানিতে ভারতের নিষেধাজ্ঞা এবং এ বিষয়ে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে অবহিত না করার বিষয়ে সেরাম ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল বাসার মোহম্মদ খুরশীদ আলম।

Related Articles

Leave a Reply

Back to top button