ভূরাজনীতি

কুমিল্লায় রাতেই সমাবশেস্থল পরিপূর্ণ

বিভাগীয় গণসমাবেশের অংশ হিসেবে সব আয়োজন সম্পূর্ণ করেছে কুমিল্লা বিএনপি। শনিবার (২৬ নভেম্বর) দুপুর ২ টায় কুমিল্লায় জনসভা সফল করার লক্ষ্যে সব প্রস্তুতি শেষ করেছে বিএনপি। রাত পোহালেই সমাবেশ তবে রাতেই সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।
এরই মধ্যে নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে পুরো কুমিল্লা। সেই সঙ্গে কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে সমাবেশস্থল ও নগরীর টাউন হল মাঠ। রাতভর নেতাকর্মীরা এখানেই অবস্থান করবেন বলে জানা গেছে।
শুক্রবার (২৫ নভেম্বর) রাতে নগরীর টাউন হল মাঠ ঘুরে এমন চিত্রই দেখা গেছে। এর আগে একই দিন সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলটির নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে থাকেন। এ সময় বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে বিএনপি নেতাদের পদচারণায় মিছিল আর স্লোগানে স্লোগানে সরগরম হয়ে ওঠে কুমিল্লা। একই সময় বিএনপি নেতারা দাবি করেন, বাধা-বিপত্তির পরও বড় জমায়েত হবে কুমিল্লায়।
এদিকে, সমাবেশে যোগ দিতে শুক্রবার রাতেই কুমিল্লা নগরীতে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
উল্লেখ্য, জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, দলীয় কর্মসূচিতে গুলি করে নেতাকর্মীদের হত্যার প্রতিবাদ ছাড়াও নির্বাচনকালীন নির্দলীয়-নিরপেক্ষ সরকারের দাবিতে বিভাগীয় (দলের সাংগঠনিক বিভাগ) পর্যায়ে সমাবেশ করছে বিএনপি। এরই অংশ হিসেবে ইতোমধ্যে চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল, ফরিদপুর ও সিলেটে বিভাগীয় সমাবেশ সম্পন্ন করেছে দলটি।
এছাড়াও কর্মসূচির অংশ হিসেবে আগামী ৩ ডিসেম্বর রাজশাহীতে গণসমাবেশ করবে বিএনপি। সবশেষ আগামী ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশের মধ্যদিয়ে বিএনপির এই সমাবেশের কর্মসূচি শেষ হবে।

Related Articles

Leave a Reply

Back to top button