করোনা মুক্ত পরিবেশ মন্ত্রীর; প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

করোনা মুক্ত হয়ে সুস্থ অবস্থায় হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। আল্লাহর কাছে তিনি তার সুস্থতার জন্য শুকরিয়া প্রকাশ করেছেন। সেই সঙ্গে তিনি প্রধানমন্ত্রীর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার দীপংকর বর।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাৎক্ষণিকভাবে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হওয়ার নির্দেশনা দেন তাকে। এজন্য তিনি প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার জন্য তিনি এ সময় মন্ত্রিপরিষদ এবং জাতীয় সংসদের সদস্যদের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
করোনা ভাইরাকে আক্রান্ত হয়ে গত ১২ই আগস্ট থেকে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ চিকিৎসাধীন ছিলেন পরিবেশমন্ত্রী। বৃহস্পতিবার বাসায় ফিরলেও চিকিৎসকদের পরামর্শ মোতাবেক আগামী দুই সপ্তাহ নিজ বাসায় আইসোলেশনে থেকে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করবেন।



