বাংলাদেশ

অনিয়মের অভিযোগ পেলেই নির্বাচন বাতিল: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে কোনো ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট কেন্দ্র এবং এলাকার নির্বাচন বাতিল করে দেওয়া হবে।

আজ রবিবার কুমিল্লা নগরীর শিল্পকলা একাডেমিতে প্রার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন সিইসি।

নির্বাচনে কোনো প্রকার অনিয়ম এবং কারচুপি সহ্য করা হবে না জানিয়ে তিনি বলেন,সুষ্ঠু, সুন্দর, অবাধ শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।

তিনি বলেন, নির্বাচন কোনো যুদ্ধক্ষেত্র নয়, সবাই মিলে সুস্থ প্রতিযোগিতা করবেন। কোনো ধরনের বিশৃঙ্খলা করবেন না, যদি কেউ আইন ভঙ্গ করার চেষ্টা করেন তাহলে আইনশৃঙ্খলা বাহিনী আপনাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।

কেন্দ্রের ভেতরে কেউ যদি শক্তি প্রয়োগের চেষ্টা করেন, সে বিষয়ে পুলিশ প্রশাসনকে নির্দেশনা দেয়া আছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী অনেক বেশি শক্তি ব্যবহার করতে চায় সে ক্ষেত্রে ওই কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ করে দেয়া হবে।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনার হিসেবে আমাদের কিছু ক্ষমতা রয়েছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আপনাদের প্রার্থিতাও বাতিল করতে পারি। তাই আশা করবো আপনারা প্রার্থিতা বাতিলের মতো কোনো আচরণ করবেন না।

কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব ফরহাদ আহমেদ খান, রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ, জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল আলম প্রমুখ

Related Articles

Leave a Reply

Back to top button