আজকের পত্রিকাসর্বশেষ

অতিরিক্ত তাপমাত্রায় জার্মানিতে ১৫ হাজার ৮০০ মানুষের মৃত্যু, এক দশকে সর্বোচ্চ

জার্মানিতে চলতি বছর অতিরিক্ত তাপমাত্রার কারণে প্রায় ১৫ হাজার ৮০০ মানুষের মৃত্যু হয়েছে, যা গত এক দশকের যেকোনো বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। দেশটির জাতীয় জনস্বাস্থ্য সংস্থা রবার্ট কচ ইনস্টিটিউট বৃহস্পতিবার প্রকাশিত তাদের সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য জানিয়েছে।

সংস্থাটির সাপ্তাহিক প্রতিবেদনে বলা হয়েছে, জুনের শেষ দিকে তীব্র তাপপ্রবাহের সময় প্রায় ৯ হাজার ৬০০ মানুষের মৃত্যু হয়েছে। এ ছাড়া আগস্টের প্রথম দুই সপ্তাহে অস্বাভাবিক উচ্চ তাপমাত্রার সঙ্গে আরও প্রায় ৪ হাজার মৃত্যুর তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে ৬ এপ্রিল থেকে ১৬ আগস্ট পর্যন্ত সময়ের তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। রবার্ট কচ ইনস্টিটিউট জানিয়েছে, এবারের হিসাব তুলনামূলকভাবে সতর্কতার সঙ্গে করা হয়েছে।

ফলে তাপজনিত কারণে প্রকৃত মৃত্যুর সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, অনেক ক্ষেত্রে মৃত্যুর প্রকৃত কারণ হিসেবে অতিরিক্ত তাপমাত্রার কথা সরাসরি উল্লেখ করা হয় না। মৃত্যুসনদে অঙ্গ বিকল হওয়া বা আগে থেকে থাকা অন্য শারীরিক অসুস্থতার কথা লেখা থাকায় তাপজনিত বহু মৃত্যু হিসাবের বাইরে থেকে যেতে পারে। সংস্থাটি জানিয়েছে, তীব্র গরমে কখনো কখনো সরাসরি প্রাণহানি ঘটে।

তবে অধিকাংশ ক্ষেত্রেই অতিরিক্ত তাপমাত্রা আগে থেকে থাকা হৃদরোগ, শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক সমস্যাকে আরও গুরুতর করে তোলে। তথ্য অনুযায়ী, চলতি বছরের তাপজনিত মৃত্যুর অর্ধেকেরও বেশি ঘটেছে ৮৫ বছর বা তার বেশি বয়সিদের মধ্যে। এই বয়সি প্রায় ৭ হাজার ৯৬০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ৭৫ থেকে ৮৪ বছর বয়সি প্রায় ৩ হাজার ৯০০ জন এবং ৬৫ থেকে ৭৪ বছর বয়সি প্রায় ২ হাজার ৪৪০ জনের মৃত্যু হয়েছে।

৬৫ বছরের কম বয়সিদের মধ্যে মারা গেছেন প্রায় ১ হাজার ৪৭০ জন। এর আগে ২০১৮ সালে জার্মানিতে তাপজনিত কারণে প্রায় ৯ হাজার ৫০০ এবং ২০১৯ সালে প্রায় ৭ হাজার ৬০০ জনের মৃত্যু হয়েছিল।

Related Articles

Leave a Reply

Back to top button