
কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি অভিযান চালিয়ে ৫ কেজি ক্রিস্টাল মেথ (আইস) এবং ৫ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়। সোমবার (২৪ আগস্ট) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মিয়ানমার থেকে ক্রিস্টাল মেথ (আইস)-এর একটি বড় চালান শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদীর গোলারচর হয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এ তথ্যের ভিত্তিতে সোমবার রাত ৩টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও আউটপোস্ট শাহপরী যৌথভাবে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা ঝাউবনের মধ্যে একটি পলিথিনে মোড়ানো পুটলি ফেলে পালিয়ে যায়।
পরে তল্লাশি চালিয়ে পলিথিনের ভেতরে চায়ের প্যাকেটে অভিনব কায়দায় মোড়ানো অবস্থায় ৫ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়। কোস্ট গার্ড জানায়, এ ঘটনায় জড়িত মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগীদের শনাক্ত এবং আটকের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এর আগে গত ২৩ আগস্ট সন্ধ্যা ৬টার দিকে টেকনাফ থানার কেরুনতলী এলাকায় আরেকটি বিশেষ অভিযান চালানো হয়।
এ সময় একটি সন্দেহভাজন অটোরিকশিতে তল্লাশি করে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৫ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়। জব্দকৃত মাদক ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা বলেন, দেশে ভয়াবহ মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের গোয়েন্দাভিত্তিক অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।


