সর্বশেষসারাদেশ

সিভাসুতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপিত

‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান অনুষদের উদ্যোগে আলোচনাসভা, পোস্টার প্রদর্শন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার (২৪ আগস্ট) বেলা আড়াইটায় সিভাসু অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. নূরুল হক এবং চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. ফয়সাল। শুভেচ্ছা বক্তব্য দেন ফিশারিজ রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের প্রধান ও অনুষদীয় মৎস্য পক্ষ-২০২৬ অনুষ্ঠান আয়োজন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. শেখ আহমাদ আল নাহিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মেরিন বায়োরিসোর্স সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক নাঈমা ফেরদৌসী হক। অনুষ্ঠানে মৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের তৈরি ৩৭টি পোস্টার প্রদর্শন করা হয়।

অনুষদের পাঁচটি ব্যাচের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে পোস্টার প্রদর্শন প্রতিযোগিতায় অংশ নেন। নির্ধারিত থিমের ওপর পোস্টার প্রদর্শন করে প্রতিটি ব্যাচ থেকে একজন চ্যাম্পিয়ন ও একজন রানার-আপ নির্বাচিত হন। পরে পাঁচটি ব্যাচের চ্যাম্পিয়ন ও রানার-আপসহ মোট ১০ শিক্ষার্থীকে সার্টিফিকেট, ক্রেস্ট ও বই দিয়ে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button