সর্বশেষসারাদেশ

উজানের ঢল ও ভারী বর্ষণে আখাউড়ায় ২৫০ হেক্টর জমির ধান তলিয়ে গেছে

ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার তিনটি ইউনিয়নের প্রায় ২৫০ হেক্টর ধানের জমি তলিয়ে গেছে। গতকাল রোববার (২২ আগস্ট) রাতে পানি বৃদ্ধি পাওয়ায় এসব জমি প্লাবিত হয়।

একই সঙ্গে আখাউড়া স্থলবন্দরসংলগ্ন কালন্দি খালে পানি বেড়ে কয়েকটি আমদানি-রপ্তানিকারক প্রতিষ্ঠানে পানি ঢুকেছে। এতে প্রতিষ্ঠানগুলোর দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। আখাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা জানান, চলতি আমন মৌসুমে উপজেলায় ৪ হাজার ১২ হেক্টর জমিতে ধানের আবাদ হচ্ছে। প্রায় দুই সপ্তাহ আগে এসব জমিতে ধানের চারা রোপণ করা হয়।

উজানের ঢলের পানিতে আখাউড়া সদর, দক্ষিণ ও মোগড়া ইউনিয়নের কয়েকটি গ্রামের প্রায় ২৫০ হেক্টর জমি তলিয়ে গেছে। তিনি বলেন, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে পানি কমে গেলে ফসলের তেমন ক্ষতি হবে না। এদিকে, কালন্দি খালে পানি বাড়ায় আখাউড়া স্থলবন্দরসংলগ্ন কয়েকটি আমদানি-রপ্তানিকারক প্রতিষ্ঠানে পানি ঢুকেছে। এতে তাদের দাপ্তরিক কাজ ব্যাহত হচ্ছে।

খাল-বিলে পানি বাড়তে থাকায় উপজেলার নিম্নাঞ্চলও প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ব্রাহ্মণবাড়িয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আকাশ দত্ত জানান, হাওড়া নদীর পানি বাংলাদেশ অংশে বিপৎসীমার প্রায় তিন ফুট নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নতুন করে ভারী বৃষ্টিপাত না হলে পানি দ্রুত সরে যাবে।

Related Articles

Leave a Reply

Back to top button