আজকের পত্রিকাসর্বশেষ

মার্কিন বিচার বিভাগ ও মহাকাশ সংস্থায় চীনা হ্যাকারদের হানা, সাইবার অভিযান নস্যাতের দাবি যুক্তরাষ্ট্রের

চীনা হ্যাকারদের একটি দীর্ঘমেয়াদি সাইবার হামলা নস্যাৎ করার দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্তৃপক্ষের অভিযোগ, এই অভিযানের মাধ্যমে দেশটির বিচার বিভাগ, মহাকাশ গবেষণা সংস্থা, কেন্দ্রীয় ব্যাংক ও সিনেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানের সংবেদনশীল নেটওয়ার্কে অনুপ্রবেশ এবং অনুপ্রবেশের চেষ্টা চালানো হয়েছিল।

মার্কিন বিচার বিভাগের দাবি, চীনে অবস্থিত একটি নেটওয়ার্ক প্রযুক্তি প্রতিষ্ঠানের মাধ্যমে দুটি সাইবার গোষ্ঠী পরিচালিত হতো। প্রতিষ্ঠানটির গ্রাহকদের মধ্যে চীনের বেসামরিক গোয়েন্দা সংস্থা, রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয় এবং সামরিক বাহিনীর সদস্যরাও রয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে চীন। ওয়াশিংটনে চীনা দূতাবাসের এক মুখপাত্র বলেছেন, নির্দিষ্ট অভিযোগগুলোর বিষয়ে তারা অবগত নন।

একই সঙ্গে তিনি দাবি করেন, চীনা সরকার সব ধরনের সাইবার হামলার বিরোধিতা করে এবং আইন অনুযায়ী এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়। যুক্তরাষ্ট্র সাইবার নিরাপত্তার বিষয় ব্যবহার করে চীনকে অসম্মান করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। আদালতে দেওয়া হলফনামা অনুযায়ী, ২০১৮ সাল থেকে হ্যাকাররা নিজেদের তৈরি বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও সংবেদনশীল নেটওয়ার্কে প্রবেশের চেষ্টা চালিয়ে আসছে।

২০১৯ সালে একটি ভার্চুয়াল ব্যক্তিগত নেটওয়ার্কের দুর্বলতা কাজে লাগিয়ে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার নেটওয়ার্কে ঢোকার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের জ¦ালানি বিভাগের কয়েকটি গবেষণাগার, জাতীয় স্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠান এবং স্বাস্থ্যসেবা বিভাগের একটি সংস্থায় অনুপ্রবেশের চেষ্টা চালানোর অভিযোগ রয়েছে।

একই সময়ে প্রতিরক্ষা ঠিকাদারি প্রতিষ্ঠান, আর্থিক সংস্থা ও বিশ্ববিদ্যালয় থেকে তথ্য চুরির ঘটনাও তদন্তে উঠে এসেছে। চলতি বছরের মার্চে মার্কিন সিনেট এবং একটি হাসপাতালের নেটওয়ার্কে প্রবেশের চেষ্টা করা হলেও সেটিও ব্যর্থ হয়েছে বলে দাবি করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button