বিশ্ব

রাজকীয় আয়োজনে স্বামীর পাশে সমাহিত হলেন রানি দ্বিতীয় এলিজাবেথ

রাজকীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ও আড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে, স্বামী প্রিন্স ফিলিপের পাশে সমাহিত হলেন ব্রিটেনের প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ।

স্থানীয় সময় সোমবার সেন্ট জর্জ চ্যাপেলে তাকে সমাহিত করা হয়। খবর: বিবিসি ও সিএনএনের।

উইন্ডসরের ডিন ডেভিড কনর রানিকে সমাহিত করার আনুষ্ঠানিকতা পরিচালনা করেন। এসময় ব্রিটেনের রানির ব্যক্তিগত দফতরের সাবেক ও বর্তমান কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রানির সমাধির ওপর খোদাই করা মার্বেলের ফলক যুক্ত করা হয়েছে, যেখানে লেখা আছে ‘দ্বিতীয় এলিজাবেথ ১৯২৬-২০২২’। রানি দ্বিতীয় এলিজাবেথের আগে রাজপরিবারের আরও অনেককে সেন্ট জর্জ চ্যাপেলে সমাহিত করা হয়েছে।

রানিকে সমাহিত করার আগে যুক্তরাজ্যের স্থানীয় সময় বিকাল ৪টায় ধর্মীয় আনুষ্ঠানিকতার জন্য সেন্ট জর্জ চ্যাপেলে কফিন নিয়ে যাওয়া হয়। রানির প্রয়াত স্বামী ফিলিপের শেষকৃত্যও এই গির্জায় অনুষ্ঠিত হয়েছিল। অনুষ্ঠানে সীমিত সংখ্যক অতিথি অংশ নেন।

রানিকে সমাহিত করার সময় প্রখ্যাত সংগীতজ্ঞ জোহান সেবাস্তিয়ান বাখের কম্পোজিশন বাজান বাদকেরা। পরে চার্চ অব ইংল্যান্ডের প্রধান আর্চবিশপ অব ক্যান্টারবুরি জাস্টিন ওয়েলবি রানির জন্য আশীর্বাদ প্রার্থনা করেন।

চার্চ অব ইংল্যান্ডের প্রধানের আশীর্বাদ শেষ হওয়ার পর দেশটির জাতীয় সংগীত গাওয়া হয়।

তবে রানির শেষকৃত্য ও সমাহিতের আনুষ্ঠানিকতা শেষ হলেও যুক্তরাজ্যে আরও এক সপ্তাহ ধরে শোক পালন করা হবে।

গত ৮ সেপ্টেম্বর স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে ৯৬ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন রানি দ্বিতীয় এলিজাবেথ। দীর্ঘ সাত দশক তিনি ব্রিটেনের রানির সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button