রঙিন প্রজাপতির অপেক্ষায়, আর একটু শপিং: পরীমণি
চিত্রনায়িকা পরীমণি তার অনাগত সন্তানের জন্য কেনাকাটা করে ঘরভর্তি করছেন।
আজ বুধবার (৩ আগস্ট) স্বামী রাজের সঙ্গে শপিংয়ে গেছেন পরী। সেখানে তোলা বেশ কিছু ছবি পোস্ট করে নায়িকা লিখেছেন, ‘একটা রঙিন প্রজাপতির অপেক্ষায়। আর একটু শপিং।’
এদিকে, পরীর সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে স্ত্রীর প্রতি ভালোবাসার কথা জানিয়েছেন অভিনেতা শরিফুল রাজ। তিনি লিখেছেন, ‘তোমার সঙ্গে দেখা হওয়ার পর আমার জীবন সম্পূর্ণরূপে বদলে গেছে। আমরা যখন বিয়ে করেছি, তখন থেকেই আমাদের জীবনের সবচেয়ে সুন্দর ধাপ শুরু করেছি। যেখানে আমাদের ভালোবাসা আরও শক্তিশালী হয়েছে।’
রাজ আরও লেখেন, ‘মুগ্ধ হয়ে তোমার প্রশংসা করি। তোমার উপস্থিতি ও ভালোবাসা দিয়ে আমার জীবনকে আশীর্বাদপুষ্ট করার জন্য তোমাকে ধন্যবাদ, পরী।’
এদিকে গত মঙ্গলবারও ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে বেশ কিছু ছবি ও ভিডিও পোস্ট করেছেন পরীমণি। সেখানে দেখা যাচ্ছে, অনাগত সন্তানের জন্য কেনাকাটা করে পুরো রুম ভরিয়ে ফেলেছেন রাজ-পরী। ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‘তার আসার আয়োজন।’
প্রসঙ্গত, ২০২১ সালে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘গুণিন’ সিনেমার সেটে রাজের সঙ্গে প্রেম হয় পরীর। এর পর একই বছর অক্টোবরে বিয়ে করেন তারা। চলতি বছরের ১০ জানুয়ারি হঠাৎ অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন পরীমণি। একই সঙ্গে সামনে আসে তাদের বিয়ের খবরও।
আপাতত অনাগত সন্তানের অপেক্ষায়, সিনেমার কাজ থেকে দূরে আছেন পরীমণি। তবে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে বেশ সরব পরীমণি।



