ফলোআপ
মারধর-ধর্ষণচেষ্টা মামলায় পরীমনির নারাজির আবেদন নাকচ

মারধর, বিভিন্ন ধরনের হুমকি ও ধর্ষণচেষ্টা মামলায় পুলিশের দেওয়া চার্জশিটের বিরুদ্ধে চিত্রনায়িকা পরীমনির দেওয়া নারাজির আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১৩ ডিসেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক মোহাম্মদ হেমায়েত উদ্দিন এ আদেশ দেন।
এরপর নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমি এবং শহিদুল আলমের বিরুদ্ধে পুলিশের দেওয়া চার্জশিট আমলে গ্রহণ করেন আদালত। তবে আসামি শহিদুল আলম পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। একইসঙ্গে আদালত আগামী ৩ মার্চ শহিদুল আলমের গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন।
গত ৬ সেপ্টেম্বর মামলায় নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমি এবং শহিদুল আলম নামে আরেক ব্যক্তিকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন। এরপর গত ১ ডিসেম্বর পরীমনি আদালতে হাজির হয়ে প্রতিবদেনের বিরুদ্ধে নারাজি দাখিল করেন।



