স্পোর্টেইনমেন্ট

দ্বিতীয় টি-টোয়েন্টিতে হারলো বাংলাদেশ

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ২৩ রানে হারিয়ে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ সমতায় ফেরালো জিম্বাবুয়ে।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে আজ প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৬ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। জবাবে ১৯.৫ ওভারে ১৪৩ রান করতেই অল আউট হয় টাইগাররা।

বাংলাদেশের হয়ে রান করতে নেমে, তৃতীয় ওভারেই সাজঘরে ফেরেন মোহাম্মদ নাইম ও সৌম্য সরকার।

এরপর অল্প সময়ের ব্যবধানে সাজঘরে ফেরেন সাকিব, রিয়াদ ও মাহেদী হাসান। সাজঘরে ফেরার আগে তারা করেন যথাক্রমে ১২, ৪ ও ১৫ রান। তিনজনকেই উইকেট নেন ওয়েলিংটন মাসাকাদজা।

৬৮ রানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে যায় বাংলাদেশ। তবে অভিষিক্ত শামীম পাটোয়ারীর জঙ্গওয়ের বলে আউট হওয়ার আগে মাত্র ১৩ বলে ২৯ রান করেন তিনি। হাঁকান তিনটি চার ও দুটি ছক্কা।

আফিফ ২৫ বলে ২৪ রানে আউট হন।

শেষ দুই ওভারে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ৩৫ রান, হাতে ছিল ২ উইকেট। মুজারাবানির করা পেনাল্টিমেট ওভারে ৪ রানের বেশি নিতে পারেননি সাইফউদ্দিন ও তাসকিন।

শেষ ওভারে সাইফউদ্দিন ১৯ রানে ফেরেন। মাসাকাদজার হাতে তাসকিন ক্যাচ তুলে দেয়ার মাধ্যমে শেষ হয় বাংলাদেশের ইনিংস। জিম্বাবুয়ের হয়ে মাসাকাদজা ও জঙ্গওয়ে তিনটি করে উইকেট নেন। এছাড়া চাতারা ও মুজারাবানি দুটি করে উইকেট শিকার করেন।

এর আগে টস জিতে দলের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন তাদিওয়ানশে মারুমানি ও ওয়েসলে মাধেভেরে।

ইনিংসের দ্বিতীয় ওভারে মাহেদী বোল্ড করেন মাত্র ৩ রান করা মারুমানিকে।

৪২ রানে ২ উইকেট হারানোর পর মাধেভেরের সঙ্গে দলের হাল ধরেন ডিওন মায়ার্স। এরপরই দুজনের জমে ওঠা জুটি ভাঙেন শরিফুল।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে। সৌম্য সরকারের সরাসরি থ্রো-তে ৪ রানে রান আউট হন সিকান্দার রাজা। শরিফুল ইসলামের বলে আফিফের তালুবন্দী হয়ে ৭৩ রানে ফেরেন একপ্রান্ত আগলে রাখা মাধেভেরে।

শেষদিকে স্বাগতিকদের বড় সংগ্রহ এনে দেন রায়ান বার্ল।

বাংলাদেশি বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন শরিফুল ইসলাম। ৩৩ রান খরচায় ৩টি উইকেট নিয়েছেন তিনি। একটি করে উইকেট নেন সাকিব আল হাসান আর মাহেদি হাসান। অভিষিক্ত শামীম পাটোয়ারী ১ ওভারে মাত্র ৭ রান দিলেও পরে আর বোলিংয়ের সুযোগ পাননি।

Related Articles

Leave a Reply

Back to top button